শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে যুবকের ঝুলন্ত মরদেহ
রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধাসদন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে ধানমন্ডি ৫ নম্বর সড়কে অবস্থিত সুধাসদন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত যুবকের নাম মো. শাকিল (২০)। তিনি রাজধানীর মোহাম্মদপুরের ঝিগাতলার শিবপুরটালি অফিস এলাকার বাসিন্দা সেকান্দার আলী মাতুব্বরের ছেলে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সুধাসদনের ভেতরে এক যুবককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, পরিচয় নিশ্চিত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হলে তারা আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে।
পুলিশের ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য