• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশে ভেসে আসা শ্রীলঙ্কার ২ জেলের ৩৪ দিনের হৃদয়বিদারক গল্প

  কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ১২:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
দুই শ্রীলঙ্কান জেলে। ছবি: ভিওডি বাংলা
দুই শ্রীলঙ্কান জেলে। ছবি: ভিওডি বাংলা

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে টানা ৩৪ দিন বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই চলছিল শ্রীলঙ্কার দুই জেলের। বেঁচে ফেরার শেষ আশাটুকুও যখন নিভে যাচ্ছিল, তখন তাদের জীবন বাঁচান বাংলাদেশি এক জেলে। 

শুক্রবার (২৪ জুলাই) ভোরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় শ্রীলঙ্কার দুই জেলেকে উদ্ধার করেন মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার ট্রলার মালিক ও মাঝি জিয়াউর রহমান। পরে তাদের নিরাপদে উপকূলে এনে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়।

মহেশখালী থানা পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া দুই জেলের নাম এস. এইচ. চামিন্দা (৫১) এবং সাউন্ডা হান্নাদিগিপোয়াতং (৩০)। তারা বাবা-ছেলে। তাদের  বাড়ি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর দেবিনুওয়ারায়।

সিংহলী ভাষায় দেওয়া চামিন্দার বক্তব্য থেকে জানা যায়, গত ১৯ জুন দুপুরে তারা ডোন্ডা বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যান। পরদিন ভোরেই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর তীব্র স্রোতে ভেসে তারা শ্রীলঙ্কার জলসীমা অতিক্রম করে বাংলাদেশ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে চলে আসেন।

চামিন্দা জানান, ভেসে থাকার সময় একটি ট্রলার দেখতে পেয়ে তারা সাহায্যের আবেদন করেন। কিন্তু সাহায্যের পরিবর্তে ট্রলারের আরোহীরা হামলা চালায়।

তাদের ট্রলারে থাকা ব্যাটারি, মোটরসহ মূল্যবান সব সরঞ্জাম লুট করে নেওয়া হয়। এতে তারা আরও অসহায় হয়ে পড়েন এবং বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায়।

এই লুটপাটের দুই দিন পর মহেশখালীর জিয়াউর রহমানের মাছ ধরার ট্রলার তাদের দেখতে পায়।

উদ্ধারের স্মৃতিচারণ করে চামিন্দা বলেন, আমাদের কাছে কোনো খাবার ছিল না। তারা প্রথমে দুটি বিস্কুটের প্যাকেট দেন। এরপর আমরা ভাত চাইলে এক পাতিল রান্না করা ভাত খেতে দেন।

তিনি বলেন, প্রথমে তারা শুধু খাবার দিয়ে চলে যেতে চেয়েছিলেন। পরে আবার ট্রলার ঘুরিয়ে ফিরে এসে আমাদের নৌকায় রশি বেঁধে উপকূলে নিয়ে যান। তাদের ভালোবাসা দেখে মনে হয়েছে, ঈশ্বর যেন আমার নিজের মায়ের রূপ ধরে আমাদের বাঁচাতে এসেছেন।

উদ্ধারকারী মাঝি জিয়াউর রহমান জানান, মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার সময় দূরে একটি ছোট ট্রলার থেকে সাহায্যের সংকেত পান।

‘কাছে যেতেই একজন আমার ট্রলারে উঠে পায়ে ধরে কান্না করতে থাকেন। ভাষা বুঝতে পারছিলাম না, কিন্তু বুঝেছি তারা মৃত্যুর মুখে ছিলেন,’ বলেন তিনি।

জিয়াউর জানান, দীর্ঘদিন সমুদ্রে আটকে থাকায় দুই জেলে কেবল কাঁচা মাছ খেয়ে জীবন ধারণ করেছিলেন। পরে তিনি নিজের ট্রলারের সঙ্গে তাদের নৌকাটি বেঁধে মহেশখালীর ঘটিভাঙ্গা ঘাটে নিয়ে আসেন।

তিনি বলেন, আহত ও অসুস্থ জেলেদের উদ্ধারে নিজের মাছ ধরার অভিযান বাতিল করতে হয়েছে। উত্তাল সমুদ্রে ফেরার পথে তার ট্রলারও ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন দরিদ্র জেলে হিসেবে তিনি রাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর জিয়াউরের মোবাইল ফোন ব্যবহার করে শ্রীলঙ্কায় পরিবারের সঙ্গে যোগাযোগ করেন উদ্ধার হওয়া জেলেরা। পরে তাদের পরিবারের মাধ্যমে বাংলাদেশে শ্রীলঙ্কার দূতাবাস বিষয়টি জানতে পারে।

জিয়াউর রহমান তাদের নিজ বাড়িতে নিয়ে স্থানীয়দের সহায়তায় সেবা-শুশ্রূষা করেন। শারীরিক অবস্থার উন্নতি হলে পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতান বলেন, উদ্ধার হওয়া দুই বিদেশি নাগরিককে নিরাপদ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করে পরবর্তী আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বলেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বিষয়টি অবৈধ অনুপ্রবেশের আওতায় পড়ায় তাদের আদালতে উপস্থাপন করা হবে। এরপর দুই দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিজ দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে।

কোস্ট গার্ড জানিয়েছে, স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে তারা সহায়তা করেছে।

বঙ্গোপসাগরে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করা দুই শ্রীলঙ্কান জেলেকে বাঁচিয়ে মহেশখালীর এক সাধারণ জেলে যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের কাছেও প্রশংসিত হয়েছে। তার এই উদ্যোগ সীমান্ত ও জাতীয়তার ঊর্ধ্বে মানবতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নারী জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত
সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক
ছবি: ভিওডি বাংলা
মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম