শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি
ফরম পূরণ করেও পরীক্ষা দিতে না পারার খবরটি সত্য নয়

ফরম পূরণের পরও এক শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারার বিষয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরটি সত্য নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (৩ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের একটি সংবাদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে দাবি করা হয়েছে, ১৩ হাজার ৫০০ টাকা দিয়ে ফরম পূরণ করেও পরীক্ষা দিতে পারেননি মিরপুর গার্লস আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থী। কিন্তু, ঘটনাটি সত্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, সংবাদটিতে দাবি করা হয়, ওই প্রতিষ্ঠানের একজন শিক্ষিকাকে ফরম পূরণের টাকা দেয়া হয়েছিল।
সেই শিক্ষিকা তাকে অ্যাডমিট কার্ড দেয়ার কথা বলেছিলেন, কিন্তু পরীক্ষার দিন সকালেও ওই শিক্ষার্থী কোনো অ্যাডমিট কার্ড পাননি।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রকৃতপক্ষে ওই শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন, কিন্তু পরীক্ষা দেয়ার জন্য ফরম পূরণ করেননি। তাছাড়া ফরম পূরণ বাবদ কোনো অর্থও জমা দেননি। ওই শিক্ষার্থীর মা ইতোমধ্যে প্রতিষ্ঠানকে লিখিতভাবে অঙ্গীকারনামা প্রদান করে বলেছেন যে, গণমাধ্যমে প্রকাশিত তাদের বক্তব্য অসত্য।
পাশাপাশি এ ধরনের বক্তব্যের জন্য তারা দুঃখ প্রকাশও করেছেন।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য