বঙ্গে মুক্তি পেল আলোচিত অরিজিনাল ফিকশন ‘ফুটবল হট্টGOAL’

ফুটবল উন্মাদনার রোমাঞ্চ, সোশ্যাল মিডিয়ার ভুয়া জনপ্রিয়তার মোহ এবং বাজির ভয়াবহ পরিণতি এই তিন উপাদানকে এক সুতোয় গেঁথে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ (Bongo)-এ মুক্তি পেয়েছে নতুন অরিজিনাল ফিকশন ‘ফুটবল হট্টGOAL’। দীপু হাজরার পরিচালনায় এবং এসিআই প্রিমিও প্লাস্টিকস নিবেদিত এই নাটকটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
রাইয়াতুন তেহরীন টিউনের মূল ভাবনায় নির্মিত নাটকটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, ডলি জহুর, আজম খান, মাসুদ রানা মিঠু ও জয়নাল জ্যাকসহ আরও অনেকে।
গল্পের কেন্দ্রে রয়েছে আয়ান, ৩৬ বছর বয়সী এক ফুটবল ব্লগার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার আশায় ফুটবল ম্যাচ নিয়ে একের পর এক অদ্ভুত ভবিষ্যদ্বাণী করতে শুরু করে সে। কাকতালীয়ভাবে সেই ভবিষ্যদ্বাণীগুলো সত্যি হতে থাকলে রাতারাতি ‘অক্টোপাস ভাই’ নামে জনপ্রিয় হয়ে ওঠে আয়ান। তার এই ব্যতিক্রমী যাত্রা নিয়ে সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী আদিবা একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি আরও আলোচনায় আসে।
তবে জনপ্রিয়তার এই গল্প দ্রুতই মোড় নেয় রহস্যে। আয়ানকে অপহরণ করে পুরান ঢাকার কুখ্যাত জুয়াড়ি ও সন্ত্রাসী কালা মফিজ। তাকে খুঁজতে গিয়ে আদিবা জানতে পারে, ঠিক ৩৬ বছর আগে ঘটে যাওয়া এক রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে বর্তমানের ঘটনার অদ্ভুত মিল রয়েছে।
রহস্য, থ্রিলার ও সামাজিক বার্তার সমন্বয়ে নির্মিত ‘ফুটবল হট্টGOAL’-এ তুলে ধরা হয়েছে কীভাবে সোশ্যাল মিডিয়ায় ভুয়া ইনফ্লুয়েন্সার সংস্কৃতি, অন্ধ ফুটবল উন্মাদনা এবং বাজি বা জুয়ার নেশা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
আয়ানের নিখোঁজ হওয়ার রহস্য, ৩৬ বছর আগের ঘটনার সঙ্গে তার যোগসূত্র এবং পুরো কাহিনির চমক জানতে দর্শকদের চোখ রাখতে হবে বঙ্গ (Bongo)-এর নতুন অরিজিনাল ‘ফুটবল হট্টGOAL’-এ।
ভিওডি বাংলা/শাহাদাত/এমএস








মন্তব্য