• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধদিবস বন্ধ

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ১০:২৯ এ.এম.
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ছবি: সংগৃহীত
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তাঁর প্রতি রাষ্ট্রীয় ও বিচারাঙ্গনের শ্রদ্ধা জানিয়ে রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালতের বিচারিক কার্যক্রম দিনের দ্বিতীয়ার্ধে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এদিন চেম্বার কোর্টেও কোনো কার্যক্রম পরিচালিত হবে না।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরহুমের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রধান বিচারপতির নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এদিকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধান বিচারপতি গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি নিজের পক্ষ থেকে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের পক্ষ থেকে এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর সময় তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

রাজনৈতিক জীবনের শুরুতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রথমে ভূমি প্রতিমন্ত্রী এবং পরে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি পুনরায় ক্ষমতায় এলে তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং সংসদের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে দীর্ঘ সময় সক্রিয় থাকা এই প্রবীণ রাজনীতিক এক পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। একই সঙ্গে তিনি সুপ্রিম কোর্ট বারের একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে বিচারাঙ্গনেও সম্মানজনক অবস্থান গড়ে তুলেছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস
ছবি: সংগৃহীত
বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ছবি: ভিওডি বাংলা
বিকেল ৫টায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা