বাড়ছে দুধকুমার নদের পানি, দুশ্চিন্তায় নদীতীরবর্তীরা

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের পানি আবারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়ে বর্তমানে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি নদীভাঙনের আশঙ্কাও বেড়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৩০ মিটার, যা বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচে। এর আগে সোমবার (১৩ জুলাই) দুপুরে একই পয়েন্টে পানির উচ্চতা ছিল ২৮ দশমিক ৬৪ মিটার।
নদীর পানি দ্রুত বাড়তে থাকায় চর ও ডুবোচর এলাকার বিস্তীর্ণ অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে নিম্নাঞ্চলে বন্যা এবং নদীভাঙনের শঙ্কায় উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
নদীপাড়ের বাসিন্দা খোরশেদ বলেন, ‘যেভাবে নদীর পানি বাড়ছে, তাতে যে কোনো সময় চরাঞ্চল তলিয়ে যেতে পারে। আবারও বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করছি। সেই সঙ্গে নদীভাঙনের ভয়ও রয়েছে।’
এদিকে পানি বৃদ্ধির পর উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ।
তিনি জানান, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য