আজ বিএফএর নির্বাচন, দুই পক্ষের বিপরীত অবস্থান

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটির নির্বাচন আজ শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হবে। রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদ্রাসা কারা কনভেনশন সেন্টারে এ ভোটগ্রহণের আয়োজন করা হয়েছে।
নির্বাচনকে ঘিরে সংগঠনের দুই পক্ষ ভিন্নমুখী অবস্থান নিয়েছে। এক পক্ষ সদস্যদের বিভ্রান্ত না হয়ে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্য পক্ষ নির্বাচনকে ‘একতরফা’ দাবি করে তা বর্জনের আহ্বান জানিয়েছে।
নির্বাচনে প্রথম সহসভাপতি পদপ্রার্থী মো. মামুনুর রশিদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, একটি পক্ষের নির্বাচন বর্জনের ঘোষণা দুঃখজনক। তাঁর ভাষ্য, বিএফএর নির্বাচন একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া। বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশন নির্ধারিত বিধি-বিধান ও তফসিল অনুসরণ করে নির্বাচন পরিচালনা করছে। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে আপত্তি, অভিযোগ ও প্রতিকার চাওয়ার সুযোগ ছিল এবং এখনও রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন-সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ উচ্চ আদালতে রিট আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি অথবা খারিজ করে দিয়েছেন। ফলে নির্বাচন আইনানুগভাবেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে সভাপতি পদপ্রার্থী মোর্শেদ মিল্টন এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ, হতাশা ও অসন্তোষ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সব সদস্যের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি।
তিনি দাবি করেন, ভোটার তালিকা প্রণয়ন, আপত্তি নিষ্পত্তি এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন ধাপে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ রয়েছে, যা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে।
মোর্শেদ মিল্টনের মতে, বর্তমান প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচন বিএফএর সদস্যদের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটাবে না। তাই সংগঠনের বৃহত্তর স্বার্থে ভোটার ও সদস্যদের প্রতি তিনি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন।
ভিওডি বাংলা/আ








মন্তব্য