মোটরসাইকেলের গতি কমাতে বলায় দুই পুলিশকে মারধর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিকট শব্দে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে নিষেধ করাকে কেন্দ্র করে সাদাপোশাকে থাকা দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার তরুণকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার বণ্ডবিল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা।
আটক চার তরুণ হলেন সাকিব (১৭), আহমেদ হোসেন (১৭), রাজ (১৮) ও আবদুল (১৬)। তাদের সবার বাড়ি চুয়াডাঙ্গা পৌরসভার ইসলামপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তদন্ত সংক্রান্ত কাজ শেষে বড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রাম থেকে ফিরছিলেন ওই দুই কর্মকর্তা। পথে বণ্ডবিল এলাকায় ১২ থেকে ১৪ জন তরুণের একটি দল ৬ থেকে ৭টি মোটরসাইকেলের পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করে বিকট শব্দে চলাচল করছিলেন। একই সঙ্গে তাদের মোটরসাইকেলের গতিও ছিল অত্যন্ত বেপরোয়া।
এ সময় সাদাপোশাকে থাকা দুই কর্মকর্তা তাদের গতি কমানোর জন্য বলেন।
পুলিশের ভাষ্য, এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন তরুণেরা। পরে পুলিশ সদস্যরা নিজেদের পরিচয় দিলেও তারা গালাগাল শুরু করেন এবং একপর্যায়ে দুই কর্মকর্তার ওপর হামলা চালান।
পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে বাকি তরুণেরা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আহত এএসআই সোহেল রানা বলেন, “ওই তরুণেরা বিকট শব্দে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। আমরা তাদের মোটরসাইকেলের গতি কমাতে বললে তারা উল্টো আমাদের ওপর হামলা করেন। নিজেদের পুলিশ পরিচয় দেওয়ার পরও তারা আমাদের মারধর করেন।”
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে চার তরুণকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য