কালিয়ার দুই বেসরকারি ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা
নড়াইলের কালিয়া উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি বেসরকারি ক্লিনিককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ক্লিনিক দুটিতে রোগী ভর্তি থাকলেও সেখানে কোনো দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন না। এছাড়া একটি ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ অবস্থায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অপারেশনে অ্যানেসথেসিয়া প্রদানকারী চিকিৎসকের কোনো তথ্য, নথি বা রেকর্ডও কর্তৃপক্ষ দেখাতে পারেনি।
এসব অনিয়মের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী খাদিজা সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড কেয়ার ডায়াগনস্টিক সেন্টার-কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, “জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা









মন্তব্য