ব্যবসার নামে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মালিক গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকায় প্রতারণার মাধ্যমে ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামে ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ বিনিয়োগের ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম সৌমেন সাহা।
গুলশান থানা সূত্র জানায়, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিংমলে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তী সাথে ব্যবসায়িক কারণে পরিচয় হয় অভিযুক্ত সৌমেন সাহার। করোনাকালীন তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে। ২০২৩ সালের সৌমেন সাহা দুবাই থেকে স্বর্ণ ক্রয়ের কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৫০ লাখ টাকা ধার হিসেবে নেন। পরবর্তীতে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলে ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামে একটি নতুন দোকান চালুর প্রস্তাব ও ব্যবসায় পার্টনার বানানোর প্রতিশ্রুতি দিয়ে বাদীর কাছ থেকে ৪ কোটি ৩০ লাখ টাকা নেন। এভাবে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে নগদ টাকা ও চেকের মাধ্যমে সর্বমোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয়।
বিনিয়োগের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও সৌমেন সাহা ব্যবসার কোনো লভ্যাংশ বা হিসাব না দিয়ে বিভিন্ন অজুহাতে টালবাহানা শুরু করেন। সর্বশেষ ভুক্তভোগী পুনরায় হিসাব চাইলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন সৌমেন সাহা। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় মামলা হয়।
তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশ হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সৌমেন সাহাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলেও গুলশান থানা সূত্র জানিয়েছে।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য