ভুয়া ‘সেকেন্ড অফিসার’ সেজে প্রতারণা, আইফোনসহ আটক যুবক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিজেকে যাত্রাবাড়ী থানার ‘সেকেন্ড অফিসার’ দাবি করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
গ্রেপ্তার ব্যক্তির নাম লাবু কাজী (৩৩)। এ সময় তার কাছ থেকে প্রতারণার শিকার এক ব্যক্তির আইফোন ১৬ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে যাত্রাবাড়ী থানা গেটের সামনে অভিযান চালিয়ে লাবু কাজীকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে থানার সেকেন্ড অফিসার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন হাতিয়ে নিতেন।
পুলিশের তথ্যমতে, তোতা মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে ভিকটিম উদ্ধার করে দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা নেন লাবু কাজী। এছাড়া মিলন নামে আরেক ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার ভাইয়ের কাছ থেকে ১৫ হাজার টাকা আদায় করেন তিনি।
এছাড়াও যাত্রাবাড়ী থানার আশপাশের ফলের দোকান, আবাসিক হোটেল, ফুটপাতের ব্যবসায়ী ও আড়তসহ বিভিন্ন স্থানে পুলিশ পরিচয়ে নিয়মিত চাঁদা ও টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ডিএমপির এ কর্মকর্তা জানান, গ্রেপ্তার লাবু কাজীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য