ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, পাইলট বরখাস্ত

অমৃতসরে অবতরণের অপেক্ষায় থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। এ ঘটনায় সংশ্লিষ্ট পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, গত ২২ জুন রাতে দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি এয়ারবাস এ-৩২১ উড়োজাহাজ অবতরণের প্রস্তুতিকালে সাময়িকভাবে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে।
সংস্থাটির তথ্যমতে, অমৃতসর বিমানবন্দরের রানওয়েতে পাখির আঘাতজনিত একটি ঘটনার তদন্ত চলছিল। এ কারণে বিমানটিকে আকাশে কিছু সময় অপেক্ষা করতে বলা হয়। এ সময় রাত ১০টা ৮ মিনিটে রাডার ভেক্টরিংয়ের সময় বিমানটি অনিচ্ছাকৃতভাবে স্বল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে।
ডিজিসিএ এক বিবৃতিতে জানায়, “রাডার ভেক্টরিংয়ের সময় বিমানটি সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। বিষয়টি পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হয়।”
পরে বিমানটি নিরাপদে দিল্লিতে ফিরে আসে এবং রাত ১১টা ২৭ মিনিটে অবতরণ করে। এরপর পুনরায় সেটিকে অমৃতসরে পাঠানো হলে যাত্রা সম্পন্ন হয়।
ডিজিসিএ আরও জানায়, ঘটনাটি সময়মতো রিপোর্ট না করায় সংশ্লিষ্ট ফ্লাইট ক্রু ও অমৃতসরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাইলটকে।
এয়ার ইন্ডিয়াও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, “২২ জুন দিল্লি থেকে অমৃতসরগামী ফ্লাইট এআই৪৭৯ পরিচালনাকারী ক্রু অমৃতসর বিমানবন্দরে গো-অ্যারাউন্ড কৌশল প্রয়োগের সময় সামান্য পরিমাণে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছিলেন। বিষয়টি নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্ত চলছে।”
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় তিন মাইল পর্যন্ত পাকিস্তানের আকাশসীমার ভেতরে প্রবেশ করেছিল।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, ঘটনার সময় অমৃতসরে অ্যাপ্রোচ সার্ভেইলেন্স সেবা চালু ছিল না। এছাড়া দ্বিতীয়বার অবতরণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর জ্বালানি কমে যাওয়ায় বিমানটিকে দিল্লিতে ফেরত পাঠানো হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ার পর পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। পরবর্তীতে দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতও হয়েছিল।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য