{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্পেনে ২ ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ২১, আহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ এ.এম.
দুর্ঘটনার পর কর্ডোবার আদামুজ এলাকায় লাইনচ্যুত ট্রেনের বগিতে উদ্ধার তৎপরতায় জরুরি সেবা কর্মীরা-ছবি: সংগৃহীত

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির যাত্রীবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৩ জন।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সময় দেশটির আন্দালুসিয়া অঞ্চলের কর্ডোবা শহরের কাছে আদামুজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির সরকারি কর্মকর্তারা হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।

স্পেনের রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ (ADIF) জানিয়েছে, মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের একটি রেললাইনে চলে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি উচ্চগতির ট্রেন একই এলাকায় প্রবেশ করলে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় ট্রেনের একাধিক বগি ছিটকে পড়ে এবং কিছু বগি দুমড়ে-মুচড়ে যায়।

আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থলে এখনো লাইনচ্যুত বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ চলছে। আহতদের উদ্ধার করে কর্ডোবা, সেভিল ও মালাগার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আদিফের তথ্যমতে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মালাগা ছেড়ে যাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের সহায়তার জন্য মাদ্রিদের আতুচা স্টেশনসহ সেভিল, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা রেলস্টেশনে বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। সেখানে মানসিক সহায়তা, তথ্য সেবা এবং জরুরি যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের সহায়তায় সংশ্লিষ্ট স্টেশনগুলো রাতভর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিকল্প পরিবহন ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মালাগা থেকে পরিচালনাকারী বেসরকারি রেল কোম্পানি ইরিয়ো (Iryo) জানিয়েছে, তাদের পরিচালিত ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল। প্রতিষ্ঠানটির দাবি, ওই ট্রেনে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে স্পেনের পরিবহন মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই–এর সাংবাদিক সালভাদর হিমেনেজ দুর্ঘটনাকবলিত একটি ট্রেনে ছিলেন। তিনি জানান, সংঘর্ষের মুহূর্তটি ছিল ভয়াবহ। “আমি প্রথম বগিতে ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করি। মনে হচ্ছিল যেন ভূমিকম্প হয়েছে। এরপর বুঝতে পারি ট্রেনটি লাইনচ্যুত হয়েছে,” বলেন তিনি।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানি লেতিসিয়া। এক বিবৃতিতে তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দিতে সরকার জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনোও নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধবিরতি প্রস্তাবে আজই ইরানের জবাব আসতে পারে: ট্রাম্প
যুদ্ধবিরতি প্রস্তাবে আজই ইরানের জবাব আসতে পারে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান
দীর্ঘ টানাপড়েনের অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়
দীর্ঘ টানাপড়েনের অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়