খামেনির আদর্শ মুসলিম ঐক্যের প্রেরণা: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবন ও আদর্শ বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করছে।
শুক্রবার (৪ জুলাই) তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনি: প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আয়াতুল্লাহ খামেনি সব সময় মুসলিম উম্মাহর ঐক্যকে অপরিহার্য বলে গুরুত্ব দিয়েছেন। বক্তৃতা, প্রবন্ধ ও বইয়ের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বের ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, খামেনির চিন্তা ও বার্তা কোনো ব্যক্তির জীবনের মধ্যেই সীমাবদ্ধ নয়। তার ভাষায়, এমন নেতাদের আদর্শ মৃত্যুর পরও সত্য, ন্যায়বিচার ও প্রতিরোধের পথে পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে।
পেজেশকিয়ানের মতে, খামেনির রেখে যাওয়া আদর্শই বর্তমানে মুসলিম বিশ্বের সংগ্রামের অন্যতম চালিকাশক্তি।
এদিকে মুসলিম দেশগুলোকে দুর্বল করতে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে বিজ্ঞানী, বুদ্ধিজীবী ও প্রভাবশালী ব্যক্তিদের হত্যার নীতি গ্রহণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি ইসরায়েলি সরকারের সমালোচনা করে বলেন, তারা প্রকাশ্যে হত্যাকাণ্ড ও বিশিষ্ট ব্যক্তিদের নির্মূলের কথা বলছে।
পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর এসব ঘটনা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার কথা থাকলেও বাস্তবে তারা রাজনৈতিক ও লজিস্টিক সহায়তা দিচ্ছে।
তথ্যসূত্র: প্রেস টিভি
ভিওডি বাংলা/আ








মন্তব্য