দেশে চলছে ভণ্ডামি, চলছে অপপ্রচার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে চলছে ভণ্ডামি, চলছে অপপ্রচার। আপনারা ‘বট বাহিনী’র কথা শুনেছেন। এই বট বাহিনীর নাম আগে আমরা শুনিনি। এই বট বাহিনী তৈরি করেছে একটি রাজনৈতিক দল—শুধু বিএনপি, বিএনপির নেতা তারেক রহমান ও অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য বিকৃত করা এবং নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো ও অপপ্রচার করাই যাদের দায়িত্ব। তারা নাকি গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন।
তিনি বলেন, খুলনার এক প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন ‘তিনি আল্লাহর দূত হয়ে এসেছেন।’ জামায়াতে ইসলামের ক্ষেত্রে নাকি শুধু জান্নাতের টিকিট নয়, জামায়াতের মনোনয়ন পেলে সরাসরি আল্লাহর দূত হয়ে আসা যায়। আবার সেই কৃষ্ণনন্দীরাই আল্লাহর দূত হয়ে আসছেন—এই পরিস্থিতিই আজ দেশে চলছে।
মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী প্রচারণার মিছিল শেষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিলটি সুপ্রিম কোর্টের সামনে থেকে শুরু হয়।
রিজভী বলেন, জামায়াতের বড় নেতা আব্দুল্লাহ তাহের, বাড়ি চৌদ্দগ্রাম, কুমিল্লা। তিনি তার প্রথম জনসভায় সালাউদ্দিন মজুমদারকে পরিচয় করিয়ে দিচ্ছেন—যিনি ২০১৫ সালের আন্দোলনে বাঁশ পুড়িয়ে আটজন মানুষকে হত্যা করেছেন, যার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। আপনারা যে যত অপরাধই করুক—আওয়ামী লীগ করে মানুষ পুড়াক, গাড়ি পোড়াক, হত্যা করুক—সব সাতখুন পাপ মাফ হয়ে যায় যদি তারা জামায়াতের মঞ্চে আসে, যদি তারা জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট হয়। এর জবাব দেবেন কি?
বিএনপির এই নেতা বলেন, আজ নানাভাবে অনেক কথা বলছে জামায়াত এবং তাদের জোটেরা। অথচ তাদের প্রতিটি কাজ ও প্রতিটি কথার মধ্যে ইসলামের যে নীতি—তাদের নাম তো জামায়াতে ইসলাম। আমরা যে ইসলাম সম্পর্কে জানি, যে ইসলামের চর্চা করি—সেখানে মুনাফিকি নেই। মুনাফিকি অত্যন্ত জঘন্য একটি পাপ। মিথ্যা কথা বলা বড় ধরনের পাপ, অন্যায় করাও বড় ধরনের পাপ। আজ তাদের প্রতিটি কর্মকাণ্ডের মধ্যেই আমরা এসব দেখতে পাচ্ছি।
তিনি বলেন, আজ শত শত আইনজীবী ধানের শীষের পক্ষে দাঁড়িয়ে তাকে বিজয়ী করার জন্য রাস্তায় নেমেছেন। বারবার এ দেশের মানুষ ধানের শীষকে বিজয়ী করেছে। ধানের শীষ কখনো মিথ্যার পক্ষে নয়। এ দেশের জনগণ মিথ্যা, অসত্য, বেহেনসাফি ও মুনাফেকিকে কখনোই পাত্তা দেয়নি, কখনোই তার পক্ষে ছিল না।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ







