{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

জামালপুর প্রতিনিধি    ১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পি.এম.
সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে সরে আসার অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বড় ধরনের ভাঙনের ঘটনা ঘটেছে। দলটির উপজেলা সদস্য সচিবসহ শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে মাদারগঞ্জ মডেল থানা সংলগ্ন একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগের সিদ্ধান্ত জানান।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি আল আমিন মন্ডল, মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব শাহীন আলম, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল এবং মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির।

এছাড়া পদত্যাগকারীদের তালিকায় আরও আছেন মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরা, জেলা যুব অধিকার পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এসসি শহীদ আহম্মেদ, ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম, কর্ম ও সমবায় সম্পাদক সুমন শেখ, মেলান্দহ গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ পলাশ, মেলান্দহ যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি রিপন মাহমুদসহ প্রায় শতাধিক নেতাকর্মী। এদের মধ্যে প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরাও রয়েছেন।

মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির বলেন, “বিগত ছয়-সাত বছর ধরে তৃণমূল পর্যায় থেকে শ্রম দিয়ে দলটি গড়ে তুলেছি। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের যে আদর্শ ও রাজনীতি আমরা দেখেছি, দল এখন সেই অবস্থান থেকে সরে এসেছে।”

তিনি আরও বলেন, “জামালপুর-৩ আসনে প্রথমে প্রার্থী ঘোষণা করে মাত্র ১৫ মিনিটের মধ্যে তা পরিবর্তন করা হয়। সারা দেশে ৯৩টি আসনে দল যে সামর্থ্য অনুযায়ী প্রার্থী ঘোষণা করেছিল, তা নিয়েও আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন মেনে নিতে পারিনি।”

পদত্যাগকারী নেতাদের দাবি, এসব বিষয় নিয়ে প্রায় ১৫০ নেতাকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে আপত্তি জানালেও তাদের বক্তব্য গুরুত্ব দেওয়া হয়নি। এতে দলের সিদ্ধান্তহীনতা ও আদর্শগত দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে এবং তারা হতাশ হয়ে পড়েন।

পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না এমন প্রশ্নে নেতারা জানান, দলীয় নীতি ও আদর্শ থেকে সরে যাওয়াই তাদের সরে দাঁড়ানোর প্রধান কারণ। তারা বলেন, আপাতত অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ বিষয়ে জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, যারা পদত্যাগ করেছেন তারা প্রকৃত অর্থে দলকে অন্তরে ধারণ করেননি। তাদের বিদায়ে সংগঠনের কোনো ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, দল আগের মতোই কার্যক্রম চালিয়ে যাবে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও জোরদার করা হবে।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুর থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
পুকুর থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
গাজীপুরে ৫ খুন, সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য
গাজীপুরে ৫ খুন, সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য
গণভোটের রায় উপেক্ষা করা জনগণের সঙ্গে ‘প্রতারণা’: গোলাম পরওয়ার
গণভোটের রায় উপেক্ষা করা জনগণের সঙ্গে ‘প্রতারণা’: গোলাম পরওয়ার