• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সকাল থেকেই নেতাকর্মীদের ঢল

২২ বছর পর আজ খুলনায় যাবেন তারেক রহমান

খুলনা প্রতিনিধি    ২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ এ.এম.
খুলনায় বিএনপির নির্বাচনী জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে আসছেন। এদিন খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) রাত থেকেই খুলনাসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা দলে দলে নগরীতে এসে পৌঁছান। সোমবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সোমবার বেলা ১১টায় হেলিকপ্টারে করে খুলনায় পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠের জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। জনসভা শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে তিনি যশোরের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। তিনি আশা প্রকাশ করেন, জনসভায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকবে।

জনসভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। সভায় বৃহত্তর খুলনার ১৪টি আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনার পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সংসদ সদস্য প্রার্থী ও নেতাকর্মীরাও জনসভায় অংশ নেবেন। তিনি জানান, নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, টানা কর্মসূচি ও অতিরিক্ত পরিশ্রমের কারণে তারেক রহমান কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। তারপরও খুলনাবাসীর প্রতি ভালোবাসা থেকেই তিনি এ সফরে সম্মত হয়েছেন। এজন্য খুলনার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রভাতী স্কুল মাঠের জনসভা কেবল একটি নির্বাচনী সমাবেশ নয়; এটি খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। নেতাকর্মীরা চেয়ারম্যানের উন্নয়ন পরিকল্পনা শুনতে মুখিয়ে আছেন।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। জনসভাস্থল ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

পুলিশ জানায়, তারেক রহমানের যাতায়াতের পথ, সমাবেশস্থলের ভেতর ও বাইরে এবং নগরীর গুরুত্বপূর্ণ স্থানে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ নিরাপত্তা ব্যবস্থায় পোশাকধারী পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‌্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। নগরীর প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, ‘আজ খুলনায় ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকবে। সাধারণ যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না। তবে মানুষের ব্যাপক সমাগমের কারণে সাধারণ নাগরিকদের সমাবেশ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতের কথা ও কাজে মিল নেই: রেজাউল করীম
জামায়াতের কথা ও কাজে মিল নেই: রেজাউল করীম
১৩ তারিখ থেকে চাঁদাবাজির দিন শেষ: শফিকুর রহমান
১৩ তারিখ থেকে চাঁদাবাজির দিন শেষ: শফিকুর রহমান
জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে
আলী রীয়াজ জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে