নিপুণ রায় চৌধুরী:
নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নারীদের চরিত্র হরণের মাধ্যমে রাজনৈতিক সুবিধা অর্জনের চেষ্টা করছে। নারীর সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ করে তারা রাজনৈতিক ফায়দা নিতে চায়, যা সমাজ ও রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। এই নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে এবার জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিনজিরা ঈদগাহ মাঠে ঢাকা-৩ আসনের নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিপুণ রায় চৌধুরী বলেন, “নারীরা আজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। কিন্তু একটি গোষ্ঠী ধর্ম ও নৈতিকতার নামে নারীদের হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য নারীদের ঘরবন্দী রাখা এবং সমাজে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করা।”
তিনি আরও বলেন, যারা নারীদের চরিত্র নিয়ে কুৎসা রটায়, তারা মূলত নারীর অগ্রগতিকে ভয় পায়। “বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারী। এই জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কোনো দেশ এগোতে পারে না। তাই নারীর অধিকার, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
নিপুণ রায় চৌধুরী জনগণকে আহ্বান জানান, নারীর প্রতি সহিংসতা, অপমান ও চরিত্রহননের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তিনি বলেন, “একটি গোষ্ঠী নারী সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। অনলাইনে নারীদের নিয়ে আজেবাজে মন্তব্য করছে। জনগণই ভোটের মাধ্যমে এসব অপশক্তির জবাব দেবে।”
তিনি আরও উল্লেখ করেন, নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত না করলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে এবার জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/জা







