• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও বগি কিনতে চায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

কম খরচে সরবরাহের সুযোগ থাকায় পাকিস্তান থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য মালবাহী ওয়াগন ও বগি কেনার সম্ভাবনা দেখাচ্ছে। এই তথ্য প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন রোববার (৮ ফেব্রুয়ারি)।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চপদস্থ এক কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধি দল ইসলামাবাদ এবং লাহোরে অবস্থিত পাকিস্তান রেলওয়ের মুঘলপুরা কারেজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। সেখানে তারা সরাসরি ট্রেনের বগি, ওয়াগন এবং অন্যান্য সরঞ্জাম তৈরির প্রক্রিয়া দেখেছেন।

লাহোরভিত্তিক পাকিস্তান রেলওয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন।

ওয়ার্কশপের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি বাংলাদেশের প্রতিনিধি দলকে ওয়ার্কশপের কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং চলমান প্রকল্প সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি, তাদের জন্য ওয়ার্কশপের কাজের সংক্ষিপ্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এরপর প্রতিনিধি দলকে মুঘলপুরার লোকোমোটিভ বা ইঞ্জিন ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়, যেখানে ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

বাংলাদেশের প্রতিনিধিরা সফরের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি দুই দেশের মধ্যে সম্পর্কের দৃঢ়তা প্রদর্শন করে।

বর্তমানে পাকিস্তান রেলওয়ে শ্রীলঙ্কা, নেপাল, চিলি এবং আর্জেন্টিনার জন্য ব্রডগেজ লাইনের ওয়াগন ও বগি সরবরাহ করছে।

পাক রেলওয়ের কর্মকর্তা খালিলি জানিয়েছেন, বাংলাদেশের রেলওয়ের বিশেষজ্ঞ দল শীঘ্রই পাকিস্তান সফরে আসবেন এবং সেখানে প্রযুক্তিগত বিশদ তথ্য জানবেন। তিনি দ্য ডনকে বলেন, “বাংলাদেশ ওয়াগন ও বগি কেনা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করছে। কিন্তু এর মধ্যে ঢাকা আমাদের প্রতি আগ্রহ দেখিয়েছে।”

পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি দুই দেশের মধ্যে রেলওয়ে টু রেলওয়ে সম্পর্ক উন্নয়নের গুরুত্বে জোর দিয়েছেন। তিনি উল্লেখ করেন, “এ ধরনের সহযোগিতা উভয়ের জন্যই লাভজনক হবে।”

সূত্র: দ্য ডন

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে হামলা হলে রুখে দাঁড়াতে প্রস্তুত হাজারো ইরাকি
ইরানে হামলা হলে রুখে দাঁড়াতে প্রস্তুত হাজারো ইরাকি
আজ থাইল্যান্ডে সংসদ নির্বাচন, সংবিধান সংশোধনে গণভোটও
আজ থাইল্যান্ডে সংসদ নির্বাচন, সংবিধান সংশোধনে গণভোটও
গাজায় ইসরায়েলের গণহত্যা বিশ্বব্যবস্থাকে বিপন্ন করছে: বিশ্ব নেতারা
গাজায় ইসরায়েলের গণহত্যা বিশ্বব্যবস্থাকে বিপন্ন করছে: বিশ্ব নেতারা