যুদ্ধের চাপেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান: আরাঘচি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে তেহরান উদ্বিগ্ন নয়—এমন বার্তা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করেছেন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না।
তেহরানে আয়োজিত এক ফোরামে দেওয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। সেখানে আব্বাস আরাঘচি বলেন, ‘ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অত্যন্ত চড়া মূল্য দিয়েছে। আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও ইরান কখনই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবে না।’
এর আগে গত শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকের দুই দিন পর তিনি বলেন, ‘কেন আমরা সমৃদ্ধকরণের উপর এত জোর দিচ্ছি এবং আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিলেও তা ত্যাগ করতে চাইছি না? কারণ আমরা মনে করি, আমাদের আচরণ নির্ধারণ করার অধিকার কারও নেই।’
আব্বাস আরাঘচি আরও জানান, উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী মোতায়েন থাকলেও ইরান এতে ‘ভীত’ নয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে বাধ্য করতে হুমকি দিয়েছেন।
উল্লেখ্য, গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার আগে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০ শতাংশ বিশুদ্ধতা পর্যন্ত বাড়িয়েছিল, যা অস্ত্র-গ্রেডের কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশের বেশি বিশুদ্ধতা প্রয়োজন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) গত মার্চে জানায়, ইরান বর্তমানে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







