আবদুল আউয়াল মিন্টু
তারেক রহমানকে ক্ষমতায় বসাতে পারলে দেশ সমৃদ্ধির পথে এগোবে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধির দিকে, না কি হানাহানি ও অস্থিরতার দিকে।
তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় বসাতে পারলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এবং দলমত নির্বিশেষে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে ফেনীর দাগনভূঞা সরকারি আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটের দিন তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে সবাইকে কেন্দ্রে যেতে হবে। ভোটকেন্দ্র পাহারা দিতে হবে এবং বিজয়ের রেজাল্ট স্লিপ হাতে নিয়েই বাড়ি ফিরতে হবে। কেউ যেন কোনো অপকৌশলের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
মিন্টু আরও বলেন, এবার ধানের শীষে ভোট দিয়ে যদি আমাকে একটি সুযোগ দেন, তাহলে জীবনের বাকি সময়টুকু আপনাদের সাথেই কাটাতে চাই। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নসহ সব খাতে সমান গুরুত্ব দিয়ে কাজ করা হবে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি রোধ করে দাগনভূঞাকে শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
ভোটের দিন মা-বোনদের সঙ্গে নিয়ে কেন্দ্রে যাওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, আবদুল লতিফ জনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সম্মান রক্ষায় ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুকে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার করেছেন নেতাকর্মীরা। তারা বলেন, ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা) আসন ঐতিহ্যগতভাবে বিএনপির ঘাঁটি।
ভিওডি বাংলা/ জহির আদনান/ আ







