• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা ফখরুল

জামায়াত অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না

পঞ্চগড় প্রতিনিধি    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পি.এম.
পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহিত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি একটি স্থিতিশীল অর্থনীতি দিতে পারে, মানুষের চাহিদা পূরণ করতে পারে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। জামায়াতে ইসলামীর সেই ইচ্ছা অতীতেও ছিল না, ভবিষ্যতেও তারা তা পারবে না।’

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দেবদারু তলা এলাকায় অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের হাতে বাংলাদেশ কি নিরাপদ হতে পারে?’—এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এই নির্বাচন পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন। আপনারা কি অতীতে ফিরে যাবেন, নাকি সামনের দিকে এগিয়ে যাবেন? আপনারা কি স্বাধীনতার বিরোধীদের পক্ষে যাবেন, নাকি স্বাধীনতার পক্ষে থাকা শক্তির পক্ষে যাবেন?’ 

তিনি বলেন, ‘আমরা যদি এই দেশকে রক্ষা করতে চাই, দেশের মানুষকে বাঁচিয়ে সামনে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আমার নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সারা জীবন আপসহীনভাবে সংগ্রাম করেছেন।’

তিনি বলেন, ‘এই নেত্রীর হাত ধরেই সংসদে প্রকৃত গণতন্ত্র ফিরেছিল। তাঁর শাসনামলেই মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে। তাঁর সময়েই বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছিল।’

জনসভায় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী, সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাড়াশে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা
তাড়াশে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা
পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল
পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল
ইসলামী আন্দোলনের গালুয়া ইউনিয়ন শাখার নির্বাচনী জনসভা
ইসলামী আন্দোলনের গালুয়া ইউনিয়ন শাখার নির্বাচনী জনসভা