জামায়াতকে ভোট দিলে ইমান নষ্ট হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ধর্মকে ঢেকে মানুষকে বিভ্রান্ত করছে এবং তাদেরকে ভোট দিলে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় আয়োজিত নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “জামায়াতকে ভোট দিলে আমরা তো আমাদের ইমানকে নষ্ট করে ফেলবো। তাই আমি অনুরোধ করবো—কোনো বিভ্রান্তিতে না পড়ে দেশের উন্নয়নের জন্য, আমাদের একাত্তরের স্বাধীনতাকে ধারণ করার জন্য এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানকে ধারণ করার জন্য আসুন ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি।”
তিনি আরও বলেন, “জামায়াত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। তারা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ। একটা মার্কাকে ভোট দিলে কি বেহেশতে যাওয়া যায়?”
ফখরুল জানিয়ে দেন, “হেফাজতে ইসলামের আমির সাহেব জামায়াতের এসব কথার ওপর বলেছেন, জামায়াতে ইসলামকে ভোট দেওয়া নাজায়েজ। আর চরমোনাই পীর সাহেব বলেছেন, জামায়াতে ইসলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী।”
নিজ নির্বাচনী এলাকার চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, “আমার ঠাকুরগাঁও এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, কৃষি ছাড়া আয়ের আর কোনো উৎস নেই। কৃষকরা যেন ঠিকভাবে কৃষিকাজ করতে পারে, সেজন্য সার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।”
সভায় উপস্থিত সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। নির্বাচিত হলে সবার আগে মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করবো। আমার সনাতনী ভাই-বোনদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি এলাকায় নতুন কলকারখানা স্থাপন করা হবে এবং বেকার সমস্যা দূর করার চেষ্টা করা হবে।”
সভায় ঠাকুরগাঁও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এমএস







