• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ৪ কোটি টাকার লেনদেন স্থগিত

নাটোর প্রতিনিধি    ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নাটোরে বিএনপি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ঢাকা থেকে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো প্রায় চার কোটি টাকার লেনদেন স্থগিত রাখা হয়েছে। নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন মঙ্গলবার রাতে জানান, বিষয়টি একটি সংস্থার মাধ্যমে জানতে পেরে সোনালী ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপককে ডেকে আপাতত লেনদেন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপি প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুপুরে সাংবাদিকদের জানান, “ঢাকা থেকে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় প্রায় চার কোটি টাকা পাঠানো হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে লেনদেন স্থগিত রাখার আবেদন করেছি।”

দুলু আরও বলেন, “ভোটের ঠিক একদিন আগে এত বড় পরিমাণ টাকা উত্তোলন করা সন্দেহজনক। এ ধরনের টাকা ভোট কেনাবেচার কাজে ব্যবহার হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই লেনদেন স্থগিত রাখা যুক্তিযুক্ত।”

এই বিষয়ে ইসলামী ব্যাংক নাটোর শাখার কর্মকর্তা (এভিপি) রেজাউল করিম জানান, “চার কোটি টাকা ইসলামী ব্যাংকের জন্য বড় কোনো লেনদেন নয়। ভোটের সময় ব্যাংক বন্ধ থাকবে। এই টাকা আমাদের নয়টি এটিএম বুথের জন্য চাহিদাপত্রে রাখা হয়েছিল। সোনালী ব্যাংক থেকে এ ধরনের লেনদেন নিয়মিতই হয়ে থাকে। এতে কোনো সন্দেহজনক কিছু নেই।”

সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার কর্মকর্তা (এজিএম) উজ্জল কুমার জানান, “জেলা রিটার্নিং কর্মকর্তা আমাকে ডেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে বলেছিলেন। ভোটের আগে শেষ কর্মদিবস হওয়ায় আপাতত লেনদেন বন্ধ রাখা হয়েছে। ভোটের পর ব্যাংক খোলার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

এ ঘটনায় ব্যাংক ও প্রার্থীর মধ্যে তথ্য ও প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা দেখা যাচ্ছে। ভোটের দিন বড় পরিমাণ অর্থের লেনদেন স্থগিত রাখা ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হিসেবে দেখানো হচ্ছে।

নাটোরের এই ঘটনা দেশের বিভিন্ন নির্বাচনী এলাকা ও ব্যাংক ব্যবস্থাপনার জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। ভোটের আগে ব্যাংক লেনদেন নিয়ন্ত্রণ ও প্রার্থী, প্রশাসন ও ব্যাংকের সমন্বয় নির্বাচন স্বচ্ছতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম
ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল: এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম
ভূমি ও বনাঞ্চল ইস্যুতে কাজের অঙ্গীকার
ভূমি ও বনাঞ্চল ইস্যুতে কাজের অঙ্গীকার
রাজারহাটে আইনশৃঙ্খলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাজারহাটে আইনশৃঙ্খলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত