• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পরাজয় মেনে নিয়েও ভোট পুনর্গণনার দাবি সারজিসের, সমালোচনার ঝড়

পঞ্চগড় প্রতিনিধি    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড়-১ আসনের ফলাফল নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বেসরকারি ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির-এর কাছে ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান সারজিস আলম। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ব্যারিস্টার নওশাদ জমির ভাইকে শুভেচ্ছা জানাতে এসেছি। জনগণ যদি এক ভোটেও এগিয়ে রাখে, সেই রায়কে সম্মান করা আমাদের রাজনৈতিক শিষ্টাচারের অংশ। প্রতিদ্বন্দ্বীকে সম্মান দেখানো ও তাঁর খুশির মুহূর্তে পাশে থাকা আমাদের দায়িত্ব।

তবে অভিনন্দন জানালেও পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সারজিস আলম। তিনি বলেন, জনগণের রায় তিনি সম্মান করেন, কিন্তু কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ফল পরিবর্তনের আশঙ্কা রয়েছে বলে তাঁদের কাছে অভিযোগ এসেছে। এসব অভিযোগ যাচাই না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রের ভোট পূর্ণাঙ্গভাবে পুনরায় গণনার দাবি জানিয়েছেন তিনি।

সারজিসের এ দাবির পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ বলছে, ফল ঘোষণার এবং অভিনন্দন জানানোর পর পূর্ণ গণনার দাবি তোলা জনগণ ও নির্বাচন কমিশনের নির্বাচনী কর্মকর্তাদের ওপর অনাস্থার বার্তা দেয়।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনী আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো প্রার্থী লিখিতভাবে আপত্তি জানাতে এবং পুনর্গণনার আবেদন করতে পারেন। অভিযোগ পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২