রমজানে কলেজে দীর্ঘ ছুটি শুরু

চলতি বছরের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে দীর্ঘ ছুটি শুরু হয়েছে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির সময়সূচিতে ভিন্নতা রাখা হয়েছে। রমজানের বড় একটি অংশজুড়ে স্কুলে পাঠদান চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। এর সঙ্গে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর আগামী ২৯ মার্চ (রোববার) থেকে কলেজগুলোতে নিয়মিত ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসাগুলোতেও রমজানের ছুটি কার্যকর হয়েছে।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আগের বছরের তুলনায় ১২ দিন কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু থাকবে। একই নীতি অনুসরণ করা হচ্ছে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও। এসব প্রতিষ্ঠানে রমজান মাসের অর্ধেকের বেশি সময় ক্লাস চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ছুটির তালিকা পুনর্বিন্যাসের অংশ হিসেবে কয়েকটি ধর্মীয় ও ঐতিহ্যবাহী দিবসের ছুটি এবার বাতিল করা হয়েছে। এর মধ্যে শবে মেরাজ, জন্মাষ্টমী ও আশুরার ছুটি বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মোট কার্যদিবস বাড়ানো এবং শিক্ষাক্রমের ধারাবাহিকতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি থাকবে। এছাড়া দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা মিলিয়ে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ ধরা হয়েছে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, যা মোট ১১ দিন। এর বাইরে প্রতিষ্ঠান প্রধানদের জন্য সংরক্ষিত হিসেবে অতিরিক্ত ৩ দিনের ছুটি বরাদ্দ রাখা হয়েছে।
কলেজ ও স্কুলের ছুটির সময়সূচিতে এই পার্থক্য নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কেউ শিক্ষাবর্ষের কার্যদিবস বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন, আবার কেউ রমজান মাসে পূর্ণাঙ্গ ছুটি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন।
ভিওডি বাংলা/জা







