মেসুত ওজিল এখন ঢাকায়

নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা গঠন নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে, ঠিক সেই সময়ে জার্মানির ২০১৪ সালের বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল বাংলাদেশে পা রেখেছেন। পবিত্র রমজান উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য এই সফর।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে পৌঁছান ওজিল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। সেখানে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের নতুন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রকল্পটির আওতায় তুর্কি সরকারের ‘টীকা’ উদ্যোগ বিশ্ববিদ্যালয়কে সহায়তা করছে। এই প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যেই প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার সহায়তা প্রদান করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারে উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে রয়েছে হাসপাতালের স্বাস্থ্যসেবা বৃদ্ধি, মেডিকেল সরঞ্জাম উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি।
সফরের পরবর্তী দিনে (১৯ ফেব্রুয়ারি) ওজিল রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন। একই রাতে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। এই সফরের মাধ্যমে বিশ্বের খ্যাতিমান ফুটবল তারকা হিসেবে ওজিল মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
ভিওডি বাংলা/জা







