• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

থানার ওসি যেন মন্ত্রীকে ফোন না করে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পি.এম.
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ প্রশাসনে শৃঙ্খলা ও কাঠামোগত নিয়ন্ত্রণ জোরদারে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন—কোনো অবস্থাতেই কমান্ড চেইন ভাঙা যাবে না এবং থানার ওসি যেন সরাসরি মন্ত্রীকে ফোন না করেন। একই সঙ্গে তদবির ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর বিভিন্ন স্তরের সচিব ও কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব নির্দেশনা দেন মন্ত্রী। বৈঠকে উপস্থিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি ঢাকার পুলিশ কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজিও এতে অংশ নেন। শুরুতে উপস্থিত সবার সঙ্গে পরিচিত হওয়ার পর বক্তব্যে মন্ত্রী সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন।

তিনি বলেন, যেকোনো মূল্যে চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের সুযোগ নেই। থানার ওসির ফোন যেন সরাসরি মন্ত্রীর কাছে না পৌঁছায়—এ বিষয়েও তিনি কঠোর অবস্থান জানান।

গত ১৭ বছরের পুলিশি কার্যক্রমের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, অতীত নিয়ে তিনি পিছনে তাকাতে চান না। নিজেও নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি জানান, সামনে স্বচ্ছতা ও জবাবদিহিভিত্তিক কার্যক্রমই হবে অগ্রাধিকার। পাশাপাশি কাজের ভিত্তিতে মূল্যায়নের নীতিতে বিশ্বাসী বলেও জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা জানান, মন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন—কোনো ধরনের তদবির গ্রহণ করা হবে না এবং দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীলতা অনুসরণ করা হবে। বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত হলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।

সড়কে জনভোগান্তির বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণকে কষ্টে ফেলে কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না। প্রয়োজনে রাস্তার এক লেন চালু রেখে কর্মসূচি পরিচালনার বিষয়টি বিবেচনায় নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বনির্ভর বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য
জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী স্বনির্ভর বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য
আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি: খলিলুর রহমান
আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি: খলিলুর রহমান
জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক সেনাপ্রধান ইকবাল
জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক সেনাপ্রধান ইকবাল