ভারতে ‘হেনস্তার’ অভিযোগ তুলে দেশে ফিরলেন মাহদী

ভারতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ এনে দেশে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান। দেশে ফিরে তিনি পুরো ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করার এবং আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে দিল্লি থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, নিয়মিত প্রক্রিয়ায় ইমিগ্রেশন সম্পন্ন করে তিনি বেরিয়ে যান।
ভারত ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে মাহদী হাসান অভিযোগ করেন, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ তাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়। এ সময় তার সঙ্গে অসদাচরণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
লাইভে তিনি বলেন, “আমার সঙ্গে এখানে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পুলিশ আমার সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করেছে, এমনকি আমাকে জেলেও দিতে চেয়েছিল। তারা আমার ফোন চেক করেছে এবং আমার কোনো কথা শুনতে চায়নি। আমি দেশে ফিরে অ্যাকশন নেব, ইনশা আল্লাহ।”
তার ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাইয়ের একপর্যায়ে তাকে ইমিগ্রেশন সম্পন্ন করে ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয়। লাইভে তিনি আরও বলেন, “ইমার্জেন্সিতে আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে। আমার ১২টা ৪০ মিনিটে ফ্লাইট। আমি এখন নিরাপদ আছি।” দেশে ফিরে পুরো বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরবেন বলেও জানান তিনি।
মাহদী হাসান ঠিক কী কারণে দিল্লি গিয়েছিলেন-তা লাইভ বক্তব্যে স্পষ্ট না করলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সূত্র জানিয়েছে, ইউরোপের একটি দেশে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ভিসা সংক্রান্ত কাজ করতে তিনি ভারতে যান। সংশ্লিষ্ট দেশের ভিসা আবেদনকেন্দ্র ভারতে হওয়ায় সেখানে উপস্থিত হওয়া প্রয়োজন ছিল।
এ বিষয়ে বিমানবন্দর ইমিগ্রেশন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া আফরিন গণমাধ্যমকে বলেন, তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় ইমিগ্রেশন সম্পন্ন করেছেন এবং তার ফেরত আসায় কোনো জটিলতা ছিল না।
উল্লেখ্য, গত জানুয়ারির শুরুতে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা-সংক্রান্ত একটি মন্তব্য ঘিরে আলোচনায় আসেন মাহদী হাসান। সে সময় তাকে গ্রেপ্তার করা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। গ্রেপ্তারের একদিন পর আদালতের আদেশে তিনি জামিনে মুক্তি পান।
ভিওডি বাংলা/জা







