‘সংবিধান সংস্কার না হলে বদল আসবে না’: নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, এ কারণে পুরো নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে তারা ফলাফল মেনে নিয়েছেন বলে জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা ফল মেনে নিয়েছি। কারণ আমরা চাই জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে। সংবিধান সংস্কার না হলে বাংলাদেশ আগের কাঠামোয়ই থেকে যাবে— শুধু মানুষ বদলাবে, কাঠামো বদলাবে না।’
তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে, যা গণরায়ের সঙ্গে প্রতারণার শামিল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সদস্য সচিব মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘বর্তমান মন্ত্রিসভার মাধ্যমে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। এটি পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা বলেই মনে হচ্ছে। আঞ্চলিক, ধর্মীয় ও জাতিগত ভারসাম্য রক্ষা হয়নি। নারী প্রতিনিধিত্ব সীমিত, অনেক জেলা থেকেও কোনো প্রতিনিধিত্ব নেই।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদে উল্লেখ রয়েছে— সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একই দিনে একই ব্যক্তি শপথ নেবেন। কিন্তু বিএনপি ভুল ব্যাখ্যা তুলে শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে। এটি সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের প্রত্যাশার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। আমরা আশা করি, তারা দ্রুত সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।’
নতুন মন্ত্রিসভা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘মন্ত্রিসভার অনেকেই ঋণখেলাপি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অনেকে রয়েছেন। এমনকি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও খুনের মামলার আসামিকেও মন্ত্রী করা হয়েছে। তাই এই মন্ত্রিসভা থেকে দেশের জন্য ইতিবাচক কিছু আশা করা কঠিন।’
দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কঠোর অবস্থান ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হলে আগে নিজের মন্ত্রিসভা থেকেই শুরু করা উচিত।’
ভিওডি বাংলা/ আ







