• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অর্থ ও পরিকল্পনামন্ত্রী:

চট্টগ্রাম বন্দরকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে

নিজস্ব প্রতিবেদক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পি.এম.
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-ছবি-ভিওডি বাংলা

নবনির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করে চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এই উদ্দেশ্যে বন্দরে বিনিয়োগ বাড়ানো, কার্যক্রম উন্নত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে বিনিয়োগ অপরিহার্য। বিনিয়োগ বাড়ানো, বন্দরের কার্যক্রম উন্নত করা এবং কর্মসংস্থান সৃষ্টিই মূল চাবিকাঠি। বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির গতিশীলতা বাড়বে এবং শহরকে বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “এ বিষয়ে নানা পরিকল্পনা রয়েছে, তবে এক কথায় সবকিছু বলা সম্ভব নয়। দেশের সবচেয়ে বড় সমস্যা হলো কর্মসংস্থান বৃদ্ধি। আমাদের লক্ষ্য হলো এ সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ নেওয়া।”

অর্থমন্ত্রী প্রথমবারের মতো দায়িত্ব নেওয়ার পর নিজের জেলা চট্টগ্রামে সফর করছেন। সফরসূচি অনুযায়ী, তিনি সকাল সাড়ে ১১টায় পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেছেন। এরপর কদমতলী মাদারবাড়ী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত মন্ত্রী মেহেদিবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। একই স্থানে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম উন্নয়নে বন্দরসেবাদানকারী প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। রাতে তিনি ঢাকায় ফেরেন।

চট্টগ্রামে প্রথম সফরের অনুভূতি জানাতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, “ভালো লাগছে। আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। নির্বাচিত সংসদ ও সরকার এসেছে। বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চট্টগ্রামের উন্নয়নের জন্যও সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।”

মন্ত্রী বলেন, চট্টগ্রামের বন্দরের উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে শুধু অর্থনীতি নয়, দেশব্যাপী কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়িত হলে চট্টগ্রাম আসলেই দেশের বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরিত হবে।

চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা এই সরকারের প্রথম অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে একটি হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উইলিয়াম বি মাইলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল
উইলিয়াম বি মাইলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল
সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক-সন্ত্রাসমুক্ত: শিক্ষামন্ত্রী
সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক-সন্ত্রাসমুক্ত: শিক্ষামন্ত্রী
১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী
১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী