ঢাকার দুই সিটিতে প্রাথমিক মেয়র প্রার্থী ঠিক করল এনসিপি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে প্রাথমিক মেয়র প্রার্থী ঠিক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দলীয় সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব-কে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হলেও পান ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট। নগর ও পরিবেশ বিষয়ক বিভিন্ন সভা-সেমিনারে দলীয় প্রতিনিধিত্বের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তার।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রাথমিকভাবে মনোনয়ন পাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন এবং সংসদ নির্বাচনের আগে পদত্যাগ করেন। বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন-পরবর্তী সময়ে তিনি জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিশ-এর আমির মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ রেজাউল করিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এছাড়া ঢাকা-৮ আসনে পরাজিত প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারী-এর নামও আলোচনায় রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে দলের এক কেন্দ্রীয় নেতা জানান, রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন হতে পারে—এমন ধারণা ধরে নিয়ে প্রার্থীতা চূড়ান্ত করছে এনসিপি। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। কাউন্সিলর প্রার্থীদের তালিকা তৈরি করে জোটের সঙ্গে বৈঠকে বসবে দলটি।
দলীয় নেতাদের দাবি, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা মহানগরের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে জয় এবং অন্য আসনগুলোতেও উল্লেখযোগ্য ভোট পেয়েছে তারা। জুলাই গণঅভ্যুত্থানের ‘স্পিরিট’ ধরে রাখতে তরুণ নেতৃত্বকে সামনে আনার কৌশল নিয়েছে দলটি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। এনসিপি ছয়জন সংসদ সদস্য নিয়ে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দলে রয়েছে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা দেন। নির্বাচন কমিশন ইতোমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।
ভিওডি বাংলা/ আ







