ইরানের ওপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে: ইসরায়েলকে চীন

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত বাড়ার পর চীন অবিলম্বে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে এক ফোনালাপে বলেন, “বলপ্রয়োগ কখনো সমস্যার স্থায়ী সমাধান দেয় না; বরং নতুন জটিলতা এবং দীর্ঘমেয়াদি গুরুতর পরিণতি ডেকে আনে। সামরিক শক্তির আসল সার্থকতা যুদ্ধক্ষেত্রে নয়, বরং সংঘাত প্রতিরোধে নিহিত।”
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াং ই আরও যোগ করেছেন যে আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যাগুলো সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। পরিস্থিতি স্বাভাবিক করতে চীন গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।
এদিকে, মঙ্গলবার ইরানের রাজধানী তেহরান, লেবাননের বৈরুত, বাহরাইনের মানামা, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে ইরান অভিযান চালায়। এই হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। হামলা-প্রতিক্রিয়ার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় শেয়ারবাজারে বড় ধস নেমেছে।
ওয়াং ই এর আগে সোমবার ইরান, ওমান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি উপসাগরীয় দেশগুলোকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া গত রোববার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ইরান সংকট নিয়ে আলোচনা করেন তিনি।
তবে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর চীনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এখনও সরাসরি কথা বলেননি। শনিবার ইরানে হামলার সময় দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ চার ডজনের বেশি জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। এছাড়া ওই হামলায় প্রায় ৮০০ জনের প্রাণহানি ঘটেছে।
সূত্র: রয়টার্স।
ভিওডি বাংলা/এমএস







