সিডনি অপেরা হাউসে বাংলাদেশ নারী ফুটবল দল

সিডনি অপেরা হাউস বিশ্বের অন্যতম প্রতীকী ও আকর্ষণীয় স্থাপনার মধ্যে একটি। অস্ট্রেলিয়ায় বেড়াতে আসা পর্যটকেরা প্রায়ই এই স্থানে গিয়ে তার সৌন্দর্য উপভোগ করেন। এশিয়ান কাপ খেলতে এ দেশ সফর করা বাংলাদেশ নারী ফুটবল দল-কেও দেখা গেলো সিডনির অপেরা হাউসে।
আগের দিন শক্তিশালী প্রতিপক্ষ চীনের বিপক্ষে দুই গোলে হেরে মানসিকভাবে চাপের মধ্যে থাকা দলের সদস্যরা এই প্রতীকী স্থাপনায় ঘুরে মানসিক সতেজতা বাড়ান।
সকালে সিডনির জুবিলি স্টেডিয়ামে রিকভারি সেশন শেষ করে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন ফুটবলাররা। এরপর তারা রয়্যাল বোটানিক গার্ডেন হয়ে অপেরা হাউসে পৌঁছে সময় কাটান। রুপনা ও মিলি সেজেগুজে নানা ভঙ্গিতে ছবি তুলেছেন, কেউ কেউ ভিডিওও ধারণ করেছেন। ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে নিজেদের চাঙা রাখাই লক্ষ্য ছিল।
দলের সঙ্গে ছিলেন তাবিথ আউয়াল। চীনের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “দল ভালো খেলেছে। সামনের ম্যাচগুলোতেও আশা করি সবাই ভালো পারফরম্যান্স দেখাবে।”
এর আগে অনুশীলন শেষে গোলকিপিং কোচ মাসুদ আহমেদ জানান, পুরোপুরি রিকভারি সেশন হয়েছে এবং চীনের ম্যাচের ভুলত্রুটি নিয়ে কাজ করা হবে। তিনি বলেন, “আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি। মেয়েরা মাঠে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। কোচিং স্টাফ হিসেবে আমরা তাদের আন্তরিকতা লক্ষ্য করেছি—মাঠে তারই প্রতিফলন দেখা গেছে।”
নিয়মিত গোলকিপার রুপনা চাকমাকে সরিয়ে কোচ বাটলার একাদশে তৃতীয় গোলকিপার ১৯ বছর বয়সী মিলি আক্তারকে সুযোগ দেন। উচ্চতার কারণে তাকে দলে নেওয়া হয়েছিল। মাসুদ আহমেদ বলেন, “মিলিকে নিয়ে আমাদের পরিকল্পনা দুই মাস আগে থেকে ছিল। চীনের শক্তির জায়গাগুলো বিশ্লেষণ করে তার উচ্চতা কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে প্রমাণ করেছে, ভালো খেলতে পারে।”
শেষে তিনি যোগ করেন, “পরের ম্যাচ আরও গুরুত্বপূর্ণ। ভাগ্য সহায় হলে একটি পয়েন্টও আনতে পারলে ভালো হবে। উত্তর কোরিয়ার বিপক্ষে আজ ও কাল কাজ করব। আশা করি মেয়েরা ভালো করবে।”
ভিওডি বাংলা/আ







