আফগানিস্তান–শ্রীলঙ্কা সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি ও একদিনের আন্তর্জাতিক সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা ও ভ্রমণ ঝুঁকি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
আফগানিস্তান প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে নিজেদের ঘরের মাঠ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছিল। সূচি অনুযায়ী ১৩ থেকে ২৫ মার্চের মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে গত কয়েক দিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতার কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এর আগে একই কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষে পাকিস্তান নারী দল ডারবান শহরে আটকে পড়ার খবরও পাওয়া যায়।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শারজাহ বা দুবাইয়ে সিরিজ আয়োজন ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে সিরিজটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিরিজটি কবে পুনরায় আয়োজন করা হবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ড পরিস্থিতির ওপর নজর রাখছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
ভিওডি বাংলা/আ







