বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি আনুষ্ঠানিক নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সংযম অত্যন্ত প্রয়োজনীয়। এই প্রেক্ষিতে পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ থেকে ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে বিদ্যুৎ সাশ্রয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দিনের বেলায় সর্বোচ্চ প্রাকৃতিক আলো ব্যবহার করা, অপ্রয়োজনীয় বাতি ও ফ্যান বন্ধ রাখা এবং এয়ার কন্ডিশনার ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় চালানো। এছাড়া অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা এবং করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অফিস শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, অতিরিক্ত আলোকসজ্জা এড়িয়ে চলা এবং যানবাহনের ব্যবহার সীমিত রাখার কথাও বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এসব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।
ভিওডি বাংলা/এমএস







