ঝড় তুলে ফাইনালে ভারতের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত যেন রেকর্ড গড়তে নেমেছে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে, যা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। ফাইনালে এটি সর্বোচ্চ রানের রেকর্ড, যদিও এবারের টুর্নামেন্টে এটি দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম সর্বোচ্চ রেকর্ডও ভারতের দখলে রয়েছে।
আহমেদাবাদে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট হাতে ভারত শুরুতেই ঝড়ো ফর্ম দেখায়। প্রথম দুই ওভারে কিউই বোলারদের কৌশল বোঝার পর ওপেনাররা একের পর এক চার-ছক্কায় তাণ্ডব চালান। মাত্র প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৯২ রান তুলে ফেলে ভারত।
এ মধ্যে অভিষেক শর্মা মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন। তবে দীর্ঘ সময় ক্রিজে থাকতে পারেননি, ২১ বলে ৫১ রান করে আউট হন তিনি।
দ্বিতীয় উইকেটে ইশান কিষাণ ক্রিজে আসেন। এবার তাকে সঙ্গে নিয়ে স্যামসন ব্যাটিংয়ে ঝড় তোলেন। ফিফটির পর শতকের পথে ছিলেন স্যামসন, কিন্তু ৮৯ রানে আউট হন। মাত্র ৪৬ বলের ইনিংসটি পাঁচটি চার এবং আটটি ছক্কায় সাজানো।
ইশান কিষাণও ফিফটি পূর্ণ করেন। ২৫ বলে ৫৪ রান করেন তিনি, যেখানে চারটি চার এবং চারটি ছক্কা ছিল। দলের জন্য সুবিধা করতে পারেননি সূর্যকুমার যাদব, প্রথম বলেই কোনো রান না করে আউট হন। ১৩ বলে ১৮ রান করে ফেরেন হার্দিক পান্ডিয়া।
শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেন শিবম দুবে, ৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। তিলক ভার্মা ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন জেমস নিশাম। এছাড়া ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট নেন।
ভিওডি বাংলা/এমএস







