ডার্বি জিতে শিরোপার আশা টিকিয়ে রাখল এসি মিলান

সিরি আ–এর শীর্ষে থাকা প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের আশা জিইয়ে রাখল এসি মিলান। রোববার সান সিরোতে অনুষ্ঠিত মিলান ডার্বিতে পেরভিস এস্তুপিনানের একমাত্র গোলের মাধ্যমে ১–০ ব্যবধানে জয় পায় রোসোনেরি।
এই জয়ের ফলে লিগ টেবিলে ইন্টার ও মিলানের ব্যবধান সাত পয়েন্টে নেমেছে। পাশাপাশি ২০১০–১১ মৌসুমের পর প্রথমবারের মতো একই মৌসুমে লিগের দুই মিলান ডার্বিতেই জয় পায় এসি মিলান।
ম্যাচের শুরুতে মিলান এগোয়ার সুযোগ পেয়েছিল। ইন্টার গোলরক্ষক ইয়ান সোমারের ভুল কিক থেকে বল পেয়ে শট নেন লুকা মডরিচ, তবে তা পোস্টের বাইরে চলে যায়।
এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে ইন্টার। হেনরিখ মিখিতারিয়ান একক প্রচেষ্টায় বক্সে ঢুকলেও মিলানের অধিনায়ক ও গোলরক্ষক মাইক মেনিয়ানের সামনে গোল করতে পারেননি।
মেনিয়ানের গুরুত্বপূর্ণ সেভের মাত্র ৭৮ সেকেন্ড পরই মিলান এগিয়ে যায়। ইউসুফ ফোফানার নিখুঁত থ্রু পাস ধরে বক্সে ঢুকে শক্ত শটে বল জালে জড়ান ইকুয়েডরের ডিফেন্ডার পেরভিস এস্তুপিনান।
দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা চালায় ইন্টার। পিওতর জিলিনস্কি ও ফেদেরিকো ডিমারকোর সুযোগগুলো সফল হয়নি। যোগ করা সময়ে ডিমারকোর ক্রস থেকে বল জালে গেলেও রেফারি কর্নার নেওয়ার আগেই ফাউলের বাঁশি বাজানোয় গোল বাতিল হয়।
শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে মিলান গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে।
এই ফলাফলে সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টার-মিলানের বিপক্ষে টানা সাত ম্যাচে অপরাজিত থাকল এসি মিলান (৫ জয়, ২ ড্র)। এছাড়া এস্তুপিনানই প্রথম ইকুয়েডরিয়ান খেলোয়াড় হিসেবে ইন্টার-মিলান ডার্বিতে গোল করার কীর্তি গড়লেন।
ভিওডি বাংলা/আ







