• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পরিচ্ছন্ন ঢাকা গড়তে ইমাম-মাদ্রাসা শিক্ষকদের সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ৯ মার্চ ২০২৬, ০৫:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে মসজিদের ইমাম, খতিব ও মাদ্রাসা শিক্ষকদের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

তিনি বলেছেন, সিটি কর্পোরেশনের কাজের পাশাপাশি নাগরিকদের সচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সোমবার (৯ মার্চ) রাজধানীর নগর ভবনের মিলনায়তনে এতিমখানা ও মাদ্রাসার নিকট বিশেষ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যদি এসব বিষয় মসজিদের খুতবা বা মাদ্রাসার বয়ানে তুলে ধরেন, তাহলে মানুষ আরও সচেতন হবে এবং এতে সমাজের সবাই উপকৃত হবে।”

তিনি আরও বলেন, “আজকের আয়োজন শুধু একটি উপলক্ষ। আপনাদের এবং আপনার ছাত্রদের জন্য কিছু উপহার দেওয়া হচ্ছে, যা একটি ছোট টোকেন মাত্র। ভবিষ্যতে ঢাকার সব মসজিদ ও মাদ্রাসায় এ ধরনের সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।”

প্রশাসক বলেন, “আপনারা ঢাকা শহরের সমস্যাগুলো জানেন এবং এসব সমস্যার সমাধানে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। জনগণের সঙ্গে আপনাদের সরাসরি সম্পর্ক রয়েছে। অনেক সময় মানুষ আপনাদের কথা মনোযোগ দিয়ে শোনে এবং তা অনুসরণ করার চেষ্টা করে।”

আবদুস সালাম বলেন, “ইসলাম ধর্ম পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়েছে। একজন মানুষ কীভাবে নিজের পোশাক, ঘর ও আশপাশ পরিষ্কার রাখবে—এসব বিষয় ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে। আমরা যদি সেগুলো মেনে চলি, তাহলে অসুখ-বিসুখ কম হবে এবং আমরা ভালোভাবে থাকতে পারব।”

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে ঢাকা শহরের ড্রেনেজ ব্যবস্থা, ময়লা-আবর্জনা ও রাস্তার লাইটসহ নানা ক্ষেত্রে অব্যবস্থাপনা ছিল। এখন সেগুলো ঠিক করার জন্য কাজ চলছে।”

তিনি জানান, “আগামী দুই মাসের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই সময়ের মধ্যে সিটি কর্পোরেশন ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে। এ সময় ড্রেন, নর্দমা ও খালে যাতে নতুন করে আবর্জনা না ফেলা হয়, সে বিষয়ে সবাইকে সচেতন করার আহ্বান জানাই।”

ডিএসসিসি প্রশাসক বলেন, “ড্রেন ও খালে পলিথিন ফেলার কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে যায় এবং সেখান থেকে মশার উৎপত্তি হয়। বর্তমানে মশা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, “ঢাকা শহরে দুটি বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না—একটি হলো আবর্জনা পরিষ্কার রাখা এবং অন্যটি হলো রাস্তার লাইট জ্বালানো। কোথাও যদি একদিনের বেশি আবর্জনা পড়ে থাকে বা দুই দিনের বেশি লাইট বন্ধ থাকে, তাহলে সিটি কর্পোরেশনকে জানাতে অনুরোধ করি।”

আবদুস সালাম বলেন, “সিটি কর্পোরেশনের কাজ ৫০ শতাংশ, আর বাকি ৫০ শতাংশ জনগণের। জনগণ সচেতন না হলে কোনো প্রতিষ্ঠান একা শহরকে পরিষ্কার রাখতে পারবে না।”

এ সময় তিনি দেশ ও সরকারের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করছেন। তার জন্যও সবার দোয়া প্রয়োজন।”

শেষে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব অনুযায়ী আমি প্রশাসক হিসেবে কাজ করছি। ভবিষ্যতেও যেন ঢাকাবাসীর খেদমত করতে পারি, সে জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।”

ভিওডি বাংলা/খতিব/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, গ্রেপ্তার ২
মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, গ্রেপ্তার ২
ধানমন্ডিতে বিশেষ অভিযানে ‘বার্গার বাবু’ গ্রেপ্তার
ধানমন্ডিতে বিশেষ অভিযানে ‘বার্গার বাবু’ গ্রেপ্তার
স্টার কাবাবে খেজুরের দাম নিয়ে ক্রেতাদের মারধর
স্টার কাবাবে খেজুরের দাম নিয়ে ক্রেতাদের মারধর