মুসলিম বিশ্বের সংকট মোকাবিলায় একতা জরুরি: আবদুস সালাম

মুসলিম বিশ্বের বর্তমান সংকট ও বাংলাদেশে নগর ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি বলেন, সারা পৃথিবীতে মুসলিমরা যদি এক হতে না পারে, তাহলে তাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যেতে পারে।
সোমবার (৯ মার্চ) বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, ইরান, ইরাক ও ফিলিস্তিনের পরিস্থিতি আমাদের শিক্ষা দিচ্ছে। পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রের অনেকেই নিশ্চুপ থাকায় সমস্যা আরও জটিল হয়ে গেছে। একজন মুসলমানের দায়িত্ব হলো বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো।
তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর দেশের উন্নয়নে কাজ করছেন। তিনি সকল নাগরিককে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, “বিশেষ পরিস্থিতি মোকাবিলায় সরকার আপনার পাশে আছে, আপনাদের সহযোগিতাও প্রয়োজন।”
ডিএসসিসি প্রশাসক ঢাকা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে বলেন, ঢাকা শহর আমাদের সকলের। সিটি কর্পোরেশন শুধু প্রশাসনিক দায়িত্ব পালন করবে, নাগরিকদেরও অর্ধেক দায়িত্ব রয়েছে। আবর্জনা ফেলার সময়, রিকশার চলাচল ও ফুটপাত ব্যবস্থাপনায় সবাইকে সচেতন হতে হবে।
তিনি রমজান মাসে সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ধর্মকে আঁকড়ে ধরাই আজকের বাঁচার একমাত্র পথ। আমরা যদি সত্যিকারের মুসলমান হয়ে ইসলামের পথ অনুসরণ করি, তবে সমস্যার সমাধান সম্ভব।”
আবদুস সালাম সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আমি আপনাদের সহযোগিতা চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করুন—আল্লাহ যেন তাকে ধৈর্য, সহনশীলতা ও প্রজ্ঞা দান করেন, যাতে তিনি দেশটিকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারেন।”
ভিওডি বাংলা/খতিব/এমএস







