স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: প্রধানমন্ত্রী

বিএনপি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদীয় উপনেতা তারেক রহমান।। তিনি বলেন, দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরকে। তিনি বলেন, খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং কখনোই স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।
তারেক রহমান বলেন, তিনি দল-মত নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি শক্তিশালী ও টেকসই রাষ্ট্র গঠনের জন্য প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করা প্রয়োজন। সে লক্ষ্যেই বিএনপি কাজ করতে চায় বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা জাতীয় স্বার্থের বিষয়। এই লক্ষ্য অর্জনে কোনো ধরনের বিরোধ থাকার কথা নয়। বরং দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সব রাজনৈতিক দল, সংসদ সদস্য এবং জনগণের সহযোগিতা কামনা করেন। তার মতে, সম্মিলিত উদ্যোগ ও ঐক্যের মাধ্যমেই একটি শক্তিশালী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এর আগে বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়। সংসদের নতুন অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
ভিওডি বাংলা/জা







