কাঠমান্ডুতে বাংলাদেশ রাষ্ট্রদূতের উদ্যোগে ইফতার ও নৈশভোজ

নেপালের কাঠমাণ্ডতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান মঙ্গলবার (১০ মার্চ) বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যদের সম্মানে একটি ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। অনুষ্ঠানে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান স্বাগত বক্তব্যে পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ত্যাগের মহিমা তুলে ধরেন এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দেন এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে, সম্প্রতি নেপালে অনুষ্ঠিত শান্তিপূর্ণ ও সফল নির্বাচনের জন্য রাষ্ট্রদূত দেশটির জনগণকে অভিনন্দন জানান এবং এটিকে নেপালের গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
তিনি বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও গণতন্ত্রে উত্তরণের প্রসঙ্গও তুলে ধরেন। রাষ্ট্রদূত নতুন সরকারের অগ্রাধিকারসমূহের মধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার, গণতান্ত্রিক চর্চা শক্তিশালীকরণ, এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারিত্ব সুদৃঢ়করণ বিষয়গুলো উল্লেখ করেন। এছাড়াও, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা নিশ্চিত করে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গৃহীত গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কেও অতিথিদের অবহিত করেন।
আয়োজনে ১৮টি দূতাবাসের মিশন প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সিনিয়র কূটনীতিক অংশগ্রহণ করেন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, নরওয়ে, ফিনল্যান্ড, মিশর, ভারত ও মিয়ানমারের রাষ্ট্রদূত/সিডিএ। এছাড়াও, সার্কের মহাসচিব, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং নেপালে আইএলও-এর প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/জা







