• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে একসঙ্গে কাজের আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ১৩ মার্চ ২০২৬, ০৮:০৬ পি.এম.
কথা বলছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জনগণের নিরলস পরিশ্রমের ফলেই তিনি নির্বাচনে বিজয়ী হয়েছেন এবং যে মন্ত্রিত্ব পেয়েছেন তা ব্যক্তিগতভাবে তাকে নয়, ঢাকা–৬ এলাকার জনগণকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই আগামী দিনে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে কাজ করা হবে।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি সব কথা বলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, মহান আল্লাহ তাআলার রহমতে জনগণের নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি নির্বাচনে বিজয়ী হয়েছেন। তাকে যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে, তা ব্যক্তিগতভাবে তাকে দেওয়া হয়নি; বরং ঢাকা–৬ এলাকার জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রধানমন্ত্রী এই সম্মানে সম্মানিত করেছেন।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই আগামী দিনে দলের রাজনৈতিক কর্মসূচি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিষ্ঠার সঙ্গে বাস্তবায়নে কাজ করা হবে। ইতিমধ্যে দলের বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন। পরবর্তীতে সারা দেশে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হবে। এরপর ‘হেলথ কার্ড’ কর্মসূচির মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমের আগে এই এলাকায় প্রায়ই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। মশাবাহিত ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ে। এসব নিয়ন্ত্রণে এখন থেকেই পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনাগুলো এলাকায় বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, এতদিন জনগণকে পাশে নিয়েই আন্দোলন–সংগ্রাম করা হয়েছে এবং বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করা হয়েছে। বিগত জুলাই অভ্যুত্থান ছিল ১৭ বছরের আন্দোলনের চূড়ান্ত মুহূর্ত। সেখানে নিরীহ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, সেই সরকারের নেতারা এখন দেশে নেই এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে সবাই যেন শাস্তির আওতায় আসে, সে জন্য তারা জোরালো অবস্থান রাখবেন।

ইশরাক হোসেন বলেন, তারা রাজনীতি করেন দেশ ও জনগণের জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য। দেশের নিম্নআয়ের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য কমিয়ে আনাই তাদের লক্ষ্য। কেউ যেন অর্ধাহারে–অনাহারে না থাকে—এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, তাদের রাজনীতির একটি পর্ব শেষ হয়েছে, এখন উন্নয়নমুখী রাজনীতি করতে চান। বাংলাদেশকে বিশ্বের দরবারে সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইশরাক হোসেন বলেন, দেশে রাজনৈতিক বিভেদ থাকতে পারে—সরকারি দল ও বিরোধী দল থাকবে, এতে সমস্যা নেই। তবে বাংলাদেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি নির্বাচনে যারা নিরলস পরিশ্রম করেছেন এবং বিভিন্ন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে বাংলাদেশকে গড়ে তুলতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, মকবুল ইসলাম খান টিপু, গেন্ডারিয়া থানা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল কাদির, যুগ্ন আহবায়ক ঢালী মামুনুর রশিদ অপু, হাফেজ ওয়াসেক বিল্লাহ, ৪৬ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাজী মো: ফারুক, সাধারণ সম্পাদক ওমর মোতালেব টিটু, সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন শিপন সহ প্রমুখ।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিরুদ্ধে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রে জোরপূর্বক শ্রম বাংলাদেশের বিরুদ্ধে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্র
জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ
জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ
বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান আবদুস সালামের
বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান আবদুস সালামের