• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কমলাপুরে ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদেও যাত্রীর চাপে ঠাঁই নেই

নিজস্ব প্রতিবেদক    ১৯ মার্চ ২০২৬, ১০:২৮ এ.এম.
কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের আগে ভিড় উপচে পড়েছে; স্ট্যান্ডিং টিকিটে যাত্রীরা ট্রেনের ছাদেও উঠছেন-ছবি ভিওডি বাংলা

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছেড়ে বাড়ি ফিরছেন হাজার হাজার মানুষ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আগ্রহে ভিড় বেড়েছে সড়ক ও রেলপথে। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রার কারণে অনেকে ট্রেনকে বেছে নিচ্ছেন। তবে অতিরিক্ত যাত্রীতে অধিকাংশ ট্রেন ঠাসাঠাসি হয়ে গেছে। এমন পরিস্থিতিতে অনেক যাত্রী ট্রেনের ছাদে উঠতে বাধ্য হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। প্রতিটি প্ল্যাটফর্মে মানুষ, তিল ধারণের ঠাঁই না থাকা মত অবস্থায় দাঁড়িয়ে ছিলেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিম হাসান জানান, গতকাল পর্যন্ত তার কয়েকটি টিউশনি ছিল। ঈদ উপলক্ষে এক সপ্তাহের ছুটি পেয়ে তিনি গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অনলাইনে আগে টিকিট না কাটায় স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করেছেন। কিন্তু যাত্রীর চাপ এত বেশি যে ট্রেনের ভেতরে জায়গা পাননি। ফলে নির্ধারিত পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে যাত্রা করছেন।

তানিম বলেন, “এখন শুধু দোয়া করছি আবহাওয়া ভালো থাকে। পরিবারের জন্য কিছু পোশাক নিয়েছি। বৃষ্টি হলে ব্যাগ ভিজে যাওয়ার আশঙ্কা আছে। আকাশ কিছুটা মেঘলা হলেও ভালো লাগছে যে ট্রেন নির্ধারিত সময়েই পেয়েছি।”

দেওয়ানগঞ্জগামী যাত্রী আমিনুল ইসলামও তিস্তা এক্সপ্রেস ট্রেনের স্ট্যান্ডিং টিকিট কেটেছেন। কিন্তু ট্রেনের ভেতরে ওঠার সুযোগ না পেয়ে তিনি এবং তার স্ত্রী ও বোন ট্রেনের ছাদে উঠছেন। তিনি বলেন, “যেভাবেই হোক ট্রেনের ছাদে ওঠতে হবে। বাসে গেলে অনেক সময় লাগবে, বিশেষ করে ঈদের আগে। ট্রেনে তুলনামূলক দ্রুত ও নিরাপদে বাড়ি পৌঁছানো সম্ভব।”

একই ট্রেনের আরেক যাত্রী শফিউল্লাহ সিকদার জানিয়েছেন, তিনি নির্দিষ্ট বগির জন্য টিকিট কাটলেও অতিরিক্ত যাত্রী থাকার কারণে আসনে বসতে পারছেন না। তবে তিনি চেষ্টা করছেন নিজের আসনের কাছে পৌঁছানোর।

কমলাপুর রেলওয়ে স্টেশনে সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তিন ধাপে টিকিট যাচাইয়ের পর প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ফলে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা যাচ্ছে না।

ট্রেন ছাড়ার আগ মুহূর্তেও স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করা সম্ভব। মোট বিক্রি হওয়া টিকিটের প্রায় ২৫ শতাংশ পর্যন্ত স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। এসব টিকিটে আসন না থাকলেও যাত্রীরা দাঁড়িয়ে তাদের গন্তব্যে যেতে পারবেন।

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আফতাব জানান, যাত্রীদের সুবিধার জন্য স্টেশনে কয়েকটি কাউন্টার খোলা রাখা হয়েছে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
তারেক রহমানকে ঈদশুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
তারেক রহমানকে ঈদশুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে
নৌপরিবহন প্রতিমন্ত্রী নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে