ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশ

শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে ৩০টি রোজা পালিত হবে এবং শুক্রবার ঈদ উদযাপন হবে। এই দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, তুরস্ক, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাক।
মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়াও আফ্রিকার সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল ও ক্যামেরুনও শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া ও মালদ্বীপও শুক্রবারকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছে।
তুরস্ক ও অস্ট্রেলিয়া জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও পর্যবেক্ষণের ভিত্তিতে ঈদ শুক্রবার নিশ্চিত করেছে। তবে আফগানিস্তান, নাইজার ও মালিতে চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবারই ঈদ উদযাপন করা হবে। সিঙ্গাপুরে বৃহস্পতিবার চাঁদ দেখা যায়নি, তাই সেখানে ঈদ শনিবার পালিত হবে।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ অন্যান্য দেশ আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই দেশগুলোতে ঈদ শুক্রবার বা শনিবার পালিত হবে।
এই তালিকায় আরও রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো ও মৌরিতানিয়া।
উল্লেখ্য, চাঁদ দেখার ভিত্তিতে শুক্রবার বা শনিবার ঈদ উদযাপনের তারিখ দেশভেদে পরিবর্তিত হতে পারে।
ভিওডি বাংলা/জা







