• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিজেল সংকট, ধান উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে

সাতক্ষীরা প্রতিনিধি    ১৯ মার্চ ২০২৬, ০১:৫৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

এদিকে জ্বালানি সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা। সেচ পাম্প চালাতে ডিজেল না পেয়ে অনেক জমিতে সময়মতো পানি দেওয়া যাচ্ছে না। এতে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

পাম্পে তেল নিতে আসা কৃষক আব্দুর রশিদ বলেন ধানের জমিতে পাঁচ-ছয় দিন ধরে পানি দিতে পারিনি। পানির সংকটে জমির মাটি ফেটে যাচ্ছে। গত পাঁচ দিন ধরে পাম্পে ঘুরেও তেল পাইনি। পাম্পে এলে তারা বলছে কাল ছাড়া তেল হবে না। পরদিন এলেও মেলেনি। এখন কী করবো বুঝতে পারছি না। তিনি দ্রুত এই সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

কৃষকদের আশঙ্কা, জ্বালানি সংকট দ্রুত সমাধান না হলে চলতি মৌসুমে ধান উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

জ্বালানির তীব্র সংকট মধ্যরাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সাতক্ষীরা জেলাজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকটে বিপর্যস্ত জনজীবন। সরকারিভাবে তেলের কোনও ঘাটতি নেই বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রল, অকটেন ও ডিজেল না পেয়ে সাধারণ মানুষ ও পরিবহন চালক এবং কৃষকরা ভোগান্তিতে পড়েছেন।  সরেজমিনে জেলার বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, তেল পাওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে খালি হাতে ফিরে যাচ্ছেন।

জ্বালানির সংকট কতটা প্রকট, তা বোঝা যায় পাম্পের সামনে মানুষের দীর্ঘ অপেক্ষার দৃশ্য দেখে। গত ১৭ মার্চ রাতে পাম্পে তেল আসবে-এমন খবর ছড়িয়ে পড়লে ইফতারের পর থেকেই শত শত মানুষ বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় জমান। দীর্ঘ সময় অপেক্ষা করে রাত ২টা থেকে আড়াইটার দিকে অনেকে তেল পেলেও আবার অনেকে দীর্ঘ সময় কাটিয়ে খালি হাতেই ফিরেছেন।

ভিন্ন দৃশ্য ফুটে উঠেছে শহরের এ.বি. খান ফিলিং স্টেশনের সামনে। ফরহাদ হোসেন সুজন নামে এক ব্যক্তি একটি পোস্টের মাধ্যমে এই মর্মান্তিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, রোববার ময়নাতদন্তের জন্য আনা একটি লাশ নিয়ে ইঞ্জিনভ্যান সাতক্ষীরা থেকে প্রতাপনগরের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় ভ্যানটিকে তেলের জন্য পাম্পের সামনে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লাশের মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়েও জ্বালানি সংকটের কারণে এমন বিলম্ব স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও কষ্টের সৃষ্টি করেছে।

সাতক্ষীরা শহরের কাছাকাছি অবস্থিত এ.বি. খান ফিলিং স্টেশন, আলিপুর ফিলিং স্টেশন, সোনালী ফিলিং স্টেশন, ইউরেনিয়াম ফিলিং স্টেশন ও সংগ্রাম ফিলিং স্টেশনের চিত্র প্রায় একই। তেল সরবরাহ একেবারেই বন্ধ, আবার কোথাও সীমিত আকারে তেল দেওয়া হচ্ছে। অনেক পাম্প কর্তৃপক্ষ তেল শেষ হওয়ার অজুহাতে গেট বন্ধ করে রেখেছেন।

সামনে ঈদ, অথচ ঘরে ফেরার জ্বালানি না পেয়ে মানুষের নাভিশ্বাস উঠছে। অনেকের মোটরসাইকেলে কর্মস্থলে ফেরার বা বাড়িতে পৌঁছানোর মতো পর্যাপ্ত জ্বালানি নেই। চালকদের অভিযোগ, এই সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী খোলা বাজারে বোতলে করে অতিরিক্ত দামে তেল বিক্রি করছেন।

চালক ও স্থানীয় লোকজন বলছেন, প্রশাসনের কঠোর তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই কৃত্রিম সংকট তৈরি ও চড়া দামে বিক্রির প্রবণতা বন্ধ করা সম্ভব। পাশাপাশি ইরি মৌসুমে ধান চাষের সেচ কাজ অব্যাহত রাখার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও কৃষকরা।

মোটরসাইকেলে তেল নিতে আসা আলতাফ হোসেন বাবু বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেলের সংকট নেই, কিন্তু বাস্তবতা হলো পাম্পগুলোতে মানুষের উপচে পড়া ভিড় এবং আতঙ্ক। মানুষ ভয় পাচ্ছে যে পরে আর তেল পাওয়া যাবে না, তাই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে বাড়িতে মজুত করছে। মেঘনা কোম্পানির গাড়ি এসেছে, অথচ আমি নিজে প্রায় ৪০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়েও তেলের দেখা পাইনি।

রায়হান সিদ্দিক নামে আরেকজন চালক বলেন, ইফতারের পর থেকেই পাম্পে তেলের জন্য লম্বা লাইন। লোকজন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না। সরকার সংকট নেই বললেও আমাদের মতো ভুক্তভোগীরা তো তেল পাচ্ছি না। পাম্প মালিকরা কেন তেল দিচ্ছে না বা কেন এই বিশৃঙ্খলা-তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

পাম্প মালিকদের দাবি, তাদের প্রয়োজনের তুলনায় প্রায় অর্ধেক জ্বালানি সরবরাহ করা হচ্ছে। ফলে অনেক পাম্পই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

ভিওডি বাংলা-আবদুল্লাহ আল মামুন/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২