ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

পাবনার ভাঙ্গুড়ায় কালবৈশাখীর ঝড়, শিলা বৃষ্টিতে ঘরবাড়ি, ফসল, সবজির জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে শত শত গাছ-পালা, ঝড়ের কবলে শতাধিক আধা কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ে।
বুধবার (১৮ মার্চ) ইফতারের পর দক্ষিণ-পূর্ব কোন থেকে শুরু হওয়া তুমুল ঝড়, মেঘের গর্জন আর শিলা-বৃষ্টিতে ১ হাজার ৫ শত হেক্টর জমিতে থাকা আবাদি ফসল, আম-লিচুর মুকুল, সবজি ক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলার ৬ টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় আধা কাঁচা শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কবলে ভেঙে পড়েছে শত শত গাছ-পালা। সন্ধ্যার পর থেকে বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সরবরাহ। পৌরসভার কিছু এলাকায় ভোর ৪ টাকার দিকে বিদ্যুৎ স্বাভাবিক হয়।
ভাঙ্গুড়া উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ঝড় এবং শিলা-বৃষ্টির কারণে ১৫০ হেক্টর ইরি-বোরো জমি, ৩০ হেক্টর পেঁয়াজ ক্ষেত, ২৫ হেক্টর রসুন ক্ষেত, ৯০ হেক্টর গম ক্ষেতে, ৫০ হেক্টর ভুট্টা ক্ষেত, ১১০ হেক্টর শাকসবজি ক্ষেত, ১৫ হেক্টর কালোজিরা ক্ষেত এবং ৭০ হেক্টর আম লিচু বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বেসরকারি হিসেবে ক্ষতির পরিমাণ আরো বেশি।
ঝড়ের কারণে কলা বাগান, খিরার জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। লিচু এবং আমের মুকুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার জানান, ইরি-বোরো আবাদ প্রাথমিক পর্যায়ে থাকার কারণে তেমন একটা ক্ষতি হয়নি। আমরা ক্ষতি পোষাতে কৃষকদের বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছি।
ভিওডি বাংলা/গিয়াস উদ্দিন সরদার/আ







