• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুটপাত দখল করে দোকান অপসারণে শুরু হচ্ছে অভিযান

নিজস্ব প্রতিবেদক    ২৩ মার্চ ২০২৬, ০৫:৫১ পি.এম.
রাজধানীর ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল। ছবি: সংগৃহীত

রাজধানীর ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে দোকান, রেস্তোরাঁ অনতিবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন সড়কের পাশে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান যেমন খাবার রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক-সামগ্রীর দোকান, আসবাবপত্রের দোকান ইত্যাদির কার্যক্রম অনেক ক্ষেত্রেই নিজস্ব দোকানের বাইরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তায় সম্প্রসারণপূর্বক পরিচালিত হচ্ছে। উদাহরণস্বরূপ রেস্টুরেন্টের রান্না করার বার্নার, হাড়িপাতিল, গ্রিল বা কাবাব তৈরির মেশিন, মোটর ওয়ার্কশপের পুরাতন বা নতুন টায়ার, বিভিন্ন যন্ত্রপাতি; ওয়েল্ডিং ওয়ার্কশপের খুচরা মালামাল; পোশাকের দোকানের প্রদর্শনী, আসবাবপত্রের দোকানের ফার্নিচার ইত্যাদি ফুটপাত এবং রাস্তার উপরে রাখা হয়।

এতে আরও বলা হয়, মোটরগাড়ির ওয়ার্কশপ-পার্টসের দোকানসমূহ কর্তৃক প্রায়ই ফুটপাত ও রাস্তার এক লেন দখল করে গাড়ি মেরামত করা হয়ে থাকে। এ সকল ক্ষেত্রে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে এবং পথচারীগণ রাস্তায় চলাচলের ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়।

মহানগরীর সকল এলাকার উল্লিখিত দোকান, ওয়ার্কশপ, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির মালিকরা কর্তৃক যে সকল ফুটপাত-রাস্তা অবৈধভাবে দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, তাদের ফুটপাত ও রাস্তা থেকে মালামাল-সরঞ্জামাদি অনতিবিলম্বে জনস্বার্থে অপসারণের জন্য অনুরোধ করা হলো।

অন্যথায় আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক সামারি ট্রায়াল বা মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা (কারাদন্ড বা অর্থদণ্ড বা সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত ইত্যাদি) গ্রহণ করা হবে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি ফিরিয়ে আনতে হবে: আবদুস সালাম
ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি ফিরিয়ে আনতে হবে: আবদুস সালাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট প্রকাশ, গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট প্রকাশ, গ্রেপ্তার ১
সকালে হালকা শীত, দুপুরে বাড়বে তাপমাত্রা
সকালে হালকা শীত, দুপুরে বাড়বে তাপমাত্রা