• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক    ৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতে আবারও কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে পাকিস্তানকে বিরল ও চূড়ান্ত পদক্ষেপের মুখোমুখি হতে হবে বলে আগেই সতর্ক করেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার সেই হুঁশিয়ারির দিন কয়েকের মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাল্টা হুমকি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারতের যেকোনও “দুঃসাহসিক কর্মকাণ্ডের” জবাবে পাকিস্তান কলকাতায় হামলা চালাতে প্রস্তুত।

জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনের প্রাণহানির বার্ষিকী উপলক্ষে চিরবৈরী দুই প্রতিবেশীর মধ্যে এই হুমকির পাল্টা হুমকি তৈরি হলো। খাজা আসিফ বলেন, “ভারত যদি এবার কোনো ‌‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ চালানোর চেষ্টা করে, তাহলে ইনশাআল্লাহ আমরা এটিকে কলকাতা পর্যন্ত নিয়ে যাব।”

তিনি ইঙ্গিত দিয়েছেন, ভারত ‘নিজেদের লোক অথবা বন্দি পাকিস্তানিদের’ ব্যবহার করে সম্ভাব্য একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ পরিচালনা করতে পারে। খাজা আসিফ দাবি করেছেন, মরদেহ ফেলে রেখে সন্ত্রাসবাদের দায়ভার ভারত চাপাতে পারে, তবে এ দাবির কোনো প্রমাণ তিনি দেননি।

চলতি সপ্তাহের শুরুর দিকে খাজা আসিফ আরও বলেছেন, দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধের অবকাশ থাকা অকল্পনীয়। ভারতের যেকোনও সামরিক পদক্ষেপের “দ্রুত” ও “পরিমিত” জবাব দেওয়ার বিষয়েও সতর্ক করেছেন তিনি।

তিনি বলেন, “কোনও অস্পষ্টতা থাকতে দেবেন না। পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার সংকল্প নিরঙ্কুশ, প্রস্তুতি পূর্ণাঙ্গ এবং এর প্রতিক্রিয়া হবে দ্রুত, পরিমিত ও চূড়ান্ত।”

ভারতের হুঁশিয়ারি

এর আগে, গত বৃহস্পতিবার নির্বাচনী রাজ্য কেরালায় এক অনুষ্ঠানে রাজনাথ সিং সতর্ক করে বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের যেকোনও “দুঃসাহসিকতা” নজিরবিহীন ও চূড়ান্ত পদক্ষেপের দিকে নিয়ে যাবে।

রাজনাথ উল্লেখ করেন, ২০২৫ সালের এপ্রিলে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানে সন্ত্রাসীদের আস্তানা ও অবকাঠামো ধ্বংস করেছিল। তিনি বলেন, “পেহেলগাম হামলার পর ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন ভারতীয় বাহিনী ২২ মিনিটের মধ্যে পাকিস্তানকে নতজানু করে ফেলেছিল এবং এটি ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে এযাবৎকালের বৃহত্তম অভিযান।”

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “আমি আপনাদের বলতে চাই অভিযানটি এখনও শেষ হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে যদি পুনরায় হীন কর্মকাণ্ড সংঘটিত হয়, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী সমুচিত জবাব দেবে; যা তারা কখনও ভুলবে না। এবার যা ঘটবে তা হবে এক নজিরবিহীন পদক্ষেপ।”

‘অপারেশন সিঁদুর’ চলাকালীন ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে অন্তত ৯টি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করেছিল এবং দেশটির কয়েকটি প্রধান সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছিল। এর মধ্যে কিছু অবকাঠামো এখনও সংস্কারাধীন রয়েছে। গত ১০ মে পাকিস্তান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করলে শত্রুতা বন্ধ হয় এবং উভয় দেশ কিছু পরিমিত প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়।

রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে জাতীয় নিরাপত্তা শক্তিশালী হয়েছে এবং সরকারের কাজের ধরন বদলে গেছে। তিনি উল্লেখ করেন, উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক হোক বা পুলওয়ামা বোমা হামলার জবাবে বিমান হামলা, কিংবা পেহেলগাম ঘটনার প্রতিশোধ হিসেবে অপারেশন সিঁদুর — ভারত সন্ত্রাসবাদের ওপর জোরালো আঘাত হেনেছে।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে যুদ্ধবিমানের নিখোঁজ মার্কিন ক্রু উদ্ধার
ইরানে যুদ্ধবিমানের নিখোঁজ মার্কিন ক্রু উদ্ধার
গ্রেপ্তার নারীরা আত্মীয় নন— সোলাইমানির কন্যাদের দাবি
গ্রেপ্তার নারীরা আত্মীয় নন— সোলাইমানির কন্যাদের দাবি
মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিতের দাবি ইরানের