গণভোটের রায় না মানলে সরকার ‘অবৈধ’: এনসিপি

গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবি জানান। পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে জারি করা কয়েকটি অধ্যাদেশ, বিশেষ করে স্থানীয় সরকারসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের আহ্বান জানান। এ বিষয়ে দলের অবস্থান প্রস্তুত করে সংসদের স্পিকারের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, যেসব অধ্যাদেশের মাধ্যমে প্রধানমন্ত্রী ও নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ানো যায়, সেগুলো বহাল রাখা হচ্ছে। কিন্তু যেগুলোর মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত হয়, সেগুলো বাতিল করা হচ্ছে। তিনি বলেন, সংবিধানের কথা বলা হলেও প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তা লঙ্ঘন করা হয়েছে।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা। কিন্তু সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যা সংবিধানবিরোধী।
এনসিপির মুখপাত্রের ভাষ্য, কিছু অপ্রাসঙ্গিক অধ্যাদেশ বহাল রাখা হচ্ছে, যেখানে নির্বাহী বিভাগের হাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছে। এতে বিরোধী দলের কেউ নির্বাচিত হলে তাকে সহজেই অপসারণ বা চাপ প্রয়োগের সুযোগ তৈরি হয়, যা গণতন্ত্রের জন্য হুমকি।
তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে সেদিন থেকেই সরকারকে অবৈধ ঘোষণা করা হবে। এ বিষয়ে কোনো সময় নেওয়া হবে না।
ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, অতীতে অর্জন রক্ষা না করতে পারলে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, ভবিষ্যতেও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে।
বৈশ্বিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সব পক্ষকে একসঙ্গে কাজ করা প্রয়োজন। তবে উদ্ভূত পরিস্থিতির কারণে বিরোধী জোটকে রাজপথে নামতে হয়েছে এবং ভবিষ্যতে বড় আন্দোলনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/আ







